ইরানের বন্দর আব্বাসের কাছে অবস্থিত শহিদ রাজয়ি বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত আটজন নিহত এবং সাত শতাধিক মানুষ আহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি শনিবার স্থানীয় সময় রাতে এই তথ্য নিশ্চিত করেন।
বিস্ফোরণের সঠিক কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তবে বন্দরটির শুল্ক দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে, বিপজ্জনক রাসায়নিক সংরক্ষণ ডিপোতে অগ্নিকাণ্ডের জেরে এই বিস্ফোরণ ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত দৃশ্যে দেখা যায়, বিস্ফোরণের পর বন্দরের আকাশে ঘন কালো ধোঁয়া উড়তে থাকে এবং একের পর এক কনটেইনারে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে হেলিকপ্টারের সহায়তায় অভিযান চালানো হয়।
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। তিনি দ্রুত তদন্ত করে ঘটনার মূল কারণ উদঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এরই অংশ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
শহিদ রাজয়ি বন্দরটি ইরানের হরমোজগান প্রদেশের বন্দর আব্বাস শহর থেকে ২৩ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এটি দেশটির সবচেয়ে আধুনিক ও ব্যস্ততম কনটেইনার বন্দরের একটি এবং বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির খুব কাছে। এই প্রণালির মাধ্যমে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল পরিবাহিত হয়।
প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান মেহরদাদ হাসানজাদে জানান, বিস্ফোরণে সংরক্ষিত কনটেইনারগুলোর কয়েকটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আহতদের কাছাকাছি হাসপাতালে পাঠানো হয়েছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, বিস্ফোরণের অভিঘাত এতটাই প্রবল ছিল যে আশপাশের ৫০ কিলোমিটার এলাকা পর্যন্ত কম্পন অনুভূত হয়েছে। আর তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে, বন্দরের বেশিরভাগ অবকাঠামো মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে।
এদিকে ন্যাশনাল ইরানিয়ান অয়েল প্রোডাক্টস ডিস্ট্রিবিউশন কোম্পানি এক বিবৃতিতে জানিয়েছে, এই বিস্ফোরণের সঙ্গে কোনো তেল পরিশোধনাগার, পাইপলাইন বা তেল সংরক্ষণ স্থাপনার সম্পর্ক নেই। বন্দর আব্বাসের জ্বালানি স্থাপনাগুলোও স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।
উল্লেখ্য, ইরানে এমন ধরনের ভয়াবহ বিস্ফোরণ খুবই বিরল ঘটনা। কয়েক মাস আগেও পূর্বাঞ্চলের তাবাস শহরে গ্যাস লিকেজজনিত দুর্ঘটনায় ৫০ জনের বেশি প্রাণ হারিয়েছিলেন। আর এই বিস্ফোরণের সময় ওমানের মুসকটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা চলছিল।