বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

কারখানা বন্ধ,বেতন বকেয়া-শ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধে তিন ঘণ্টা অচলাবস্থা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৪-২৩ ১৩:১৭:০২
ছবি সংগৃহিত

গাজীপুরের শ্রীপুরে হঠাৎ করে কারখানা বন্ধ ও বকেয়া বেতন না দেওয়ার প্রতিবাদে রাস্তায় নেমেছেন শ্রমিকরা। বুধবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তিন ঘণ্টারও বেশি সময় অবরোধ সৃষ্টি করে তারা দাবি জানান—ছাঁটাই বন্ধ, পাওনা পরিশোধ এবং কারখানা পুনরায় চালুর।
অবরোধের মুখে পড়া মহাসড়কটি ছিল শ্রীপুর পৌরসভার বহেরারচালা এলাকার সামনে। সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত চলা এই অবরোধে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে শ্রমিকরা অবরোধ তুলে নেন।

‘কারখানায় তালা, আমাদের জীবনে তালা!’
প্রতিদিনের মতো বুধবার সকালে কাজে যোগ দিতে গিয়ে নীট হরাইজন কারখানার শ্রমিকরা দেখতে পান মূল ফটকে ঝুলছে তালা। আর পাশে একটি নোটিশে লেখা, "অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ"। এ খবরে মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে শ্রমিকদের মধ্যে।
শ্রমিক সুজন ক্ষোভের সঙ্গে বলেন, "আমরা সকালে কাজ করতে এসে দেখি কারখানা বন্ধ। এক মাসের বেতন বাকি, অথচ কারখানায় তালা ঝুলিয়ে কর্তৃপক্ষ নিশ্চুপ। শ্রমিকদের সঙ্গে এমন আচরণ অমানবিক। শ্রমিকদের জীবনের কোনো দাম নেই?"
তাদের দাবি, আগের দিনই ৩০ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছিল। প্রতিবাদে কর্মবিরতি শুরু করলে কর্তৃপক্ষ পুনর্বহালের আশ্বাস দেয়। কিন্তু পরদিনই বন্ধ ঘোষণা করে কারখানা।

আইন অনুযায়ী বন্ধ, দাবি কর্তৃপক্ষের
কারখানার মানবসম্পদ কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, "বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী (ধারা ১৩ (১)) কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রমিকদের পাওনা দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করা হবে।"
তবে কারখানা বন্ধের আগে কেন বকেয়া পরিশোধ হয়নি, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।"

প্রশাসনের হস্তক্ষেপে সড়ক অবরোধ প্রত্যাহার
ঘটনার খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল জানান, "বিক্ষোভকারীদের শান্ত রাখতে পুলিশ সক্রিয় ভূমিকা রেখেছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।"

শ্রমিকদের অনিশ্চয়তায় ভবিষ্যত
এই ঘটনা আবারও তুলে ধরেছে পোশাক খাতে শ্রমিক-নির্ভর কারখানাগুলোর অনিয়ম, প্রান্তিক শ্রেণির শ্রমজীবীদের নিরাপত্তাহীনতা এবং শ্রম আইন বাস্তবায়নের ঘাটতি। বকেয়া বেতন, হঠাৎ ছাঁটাই, অনিশ্চিত ভবিষ্যত—এসবই শ্রমিকদের জীবনে প্রতিদিনের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে।


এ জাতীয় আরো খবর