মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

ব্যক্তিজীবনের বিতর্কে ছাত্রদল নেতা,সাময়িক অব্যাহতি

  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৪-২২ ০০:৩২:৪৩
ছবি সংগৃহিত

রাজধানীর সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল রেজাকে সংগঠন থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। স্ত্রীকে তালাক দিয়ে রাজনৈতিক পদ পাওয়ার অভিযোগসহ নানা ব্যক্তিগত বিতর্কের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়।
সোমবার (২১ এপ্রিল) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে ফয়সাল রেজার স্ত্রী শিখা তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেন। অভিযোগের মধ্যে রয়েছে প্রতারণা, আর্থিক হয়রানি এবং সংসার ভাঙার পেছনে রাজনৈতিক সুবিধা অর্জনের প্রয়াস।
সংবাদ সম্মেলনের কিছু ঘণ্টার মধ্যেই ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফয়সাল রেজাকে সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে বাঙলা কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে হাফিজুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়।
শিখা অভিযোগ করেন, “বিয়ের পর থেকে সংসারের খরচ আমাকে চালাতে হয়েছে। ফয়সাল বারবার অর্থ চাইতেন এবং না দিলে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন।” তিনি আরও জানান, স্বর্ণালংকার বিক্রি করে এবং নিজের সঞ্চয় থেকে ফয়সালকে অর্থ সহায়তা করেন, যা সে নিজের রাজনৈতিক অবস্থান গঠনে ব্যবহার করে।
ফয়সালের বিরুদ্ধে আনীত অভিযোগ ও জমা দেওয়া কাবিননামা এখন ছাত্রদলের হাইকমান্ডের বিবেচনায় রয়েছে বলে জানা গেছে।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই অব্যাহতির সিদ্ধান্ত অনুমোদন করেন।
ঘটনার পর সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বলছেন, রাজনীতিতে ব্যক্তিজীবনের দায় যেমন থেকে যায়, তেমনি দায়বদ্ধতাও থাকা উচিত।

 


এ জাতীয় আরো খবর