শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

ভিসি অপসারণের দাবিতে কুয়েট শিক্ষার্থীদের আমরণ অনশন শুরু

  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৪-২২ ০০:১৯:২৫
ছবি সংগৃহিত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের অপসারণ দাবিতে ৩২ জন শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেছেন। সোমবার (২১ এপ্রিল) বিকেল ৪টা থেকে তারা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের বারান্দায় অনশনে বসেন।
এর আগে দুপুর সাড়ে ৩টার দিকে ড. এম. এ. রশিদ হলের সামনে জড়ো হন প্রায় দুই শতাধিক শিক্ষার্থী। পরে তারা স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অবস্থান নেন। অনশনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন।
শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ১৮ ফেব্রুয়ারির ছাত্রদের ওপর হামলার পরও হামলাকারীদের চিহ্নিত করা হয়নি। অথচ ২২ জন শিক্ষার্থীর নামে মামলা ও ৩৭ জনকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তারা বলেন, বারবার প্রশাসনের কাছে দাবি জানিয়েও সাড়া মেলেনি। খাবার, পানি ও ইন্টারনেট সংযোগ ছাড়াই হলে থাকতে বাধ্য হয়েছেন। এমন অবস্থায় উপাচার্যের পদত্যাগ ছাড়া বিকল্প দেখছেন না তারা।
এদিকে শিক্ষার্থীদের অনশন ভাঙাতে শিক্ষকরা একাধিকবার চেষ্টা করলেও ব্যর্থ হয়েছেন। ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ ইলিয়াস আক্তার জানান, “আমরা শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেছি। তাদের দাবি বাস্তবায়নের আশ্বাসও দিয়েছি। তবে তারা অনড়।”
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বহিষ্কারাদেশ স্থগিত ও মামলার বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। নির্দোষ কেউ শাস্তি পাবে না—এই আশ্বাসও দেওয়া হয়েছে।
তবু আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, “কথা অনেক হয়েছে, এখন চাই দৃশ্যমান পদক্ষেপ। উপাচার্য না গেলে আন্দোলন থামবে না।”
বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নিয়ে উদ্বিগ্ন সাধারণ শিক্ষার্থীরা বলছেন, প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে দূরত্ব কমাতে দ্রুত সমাধান খুঁজে বের করা এখন সময়ের দাবি।

 


এ জাতীয় আরো খবর