শনিবার, মে ৩০, ২০২৬

বাংলাদেশে ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্কবার্তা, পার্বত্য চট্টগ্রাম ‘রেড জোন’ ঘোষণা

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৫-০৪-২০ ০১:০৯:২২

১৯ এপ্রিল ২০২৫
বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের জন্য তৃতীয় ধাপের সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। অর্থাৎ, দেশটিতে ভ্রমণের আগে ‘পুনর্বিবেচনা’ করার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে ঘোষণা করা হয়েছে ‘চতুর্থ ধাপ’ বা ‘ভ্রমণ নিষিদ্ধ এলাকা’ হিসেবে।
শুক্রবার (১৮ এপ্রিল) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ভ্রমণ নির্দেশিকা হালনাগাদ করে এই তথ্য জানানো হয়।

রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা ঝুঁকিই মূল কারণ
যুক্তরাষ্ট্র জানিয়েছে, বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের পর সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে বিক্ষোভের ঘটনা ঘটছে। এ ধরনের জমায়েত হঠাৎ সহিংস হয়ে উঠতে পারে, যা বিদেশি নাগরিকদের জন্য নিরাপত্তাজনিত উদ্বেগ তৈরি করছে।বিবৃতিতে আরও বলা হয়, “বাংলাদেশের বড় শহরগুলোতে ছিনতাই, চুরি, অবৈধ মাদক কারবারসহ নানা অপরাধ সংগঠিত হয়ে থাকে। বিশেষ করে ঢাকায় এসব অপরাধে পর্যটক ও বিদেশিরাও ক্ষতিগ্রস্ত হতে পারেন।”

পার্বত্য চট্টগ্রামে মার্কিন নাগরিকদের ভ্রমণ নিষেধ
বিশেষ সতর্কতা জারি করা হয়েছে পার্বত্য চট্টগ্রামের তিন জেলা—খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান—ঘিরে। এই অঞ্চলে মাঝেমধ্যেই সংঘটিত হয় সাম্প্রদায়িক সহিংসতা, অপহরণ, বিচ্ছিন্নতাবাদী হামলা ও রাজনৈতিক সহিংসতা, যা পর্যটকদের জন্য অতিরিক্ত ঝুঁকি তৈরি করছে।
এই কারণে ঢাকায় অবস্থানরত মার্কিন দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের রাজধানীর বাইরে ‘অপ্রয়োজনীয় ভ্রমণে’ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

ভ্রমণ পরামর্শ ‘পরিবর্তনযোগ্য’
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি পরিবর্তন হলে এই সতর্কতা নির্দেশনা পর্যালোচনা করে সংশোধন করা হতে পারে। তবে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ সফরে যাওয়ার আগে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ‘সতর্কভাবে বিবেচনা করার' আহ্বান জানানো হয়েছে।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের জন্য মোট চার স্তরের ভ্রমণ সতর্কতা দিয়ে থাকে। এর মধ্যে তৃতীয় ধাপের অর্থ—ভ্রমণের আগে পুনর্বিবেচনা করুন। আর চতুর্থ ধাপ হলো-ভ্রমণ নিষিদ্ধ।


এ জাতীয় আরো খবর