সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ

  • মেসবা খান
  • ২০২৫-০৪-০৮ ১৪:৫৫:২৮

মুন্সি আব্দুর রউফ বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ বীর যোদ্ধা। ১৯৭১ এ মহান মুক্তিযুদ্ধে সাত বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্তদের মধ্যে তিনি একজন। 
জন্ম ১৯৪৩ সালের ১ মে ফরিদপুরের মধুখালী উপজেলার সালামতপুর গ্রামে। তাঁর পিতার নাম মুন্সি মেহেদী হোসেন এবং মাতার নাম মকিদুন্নেসা। 
কিশোর বয়সে রউফের পিতা মারা যান। ফলে তিনি উচ্চশিক্ষা লাভের সুযোগ থেকে বঞ্চিত হন। তিনি অষ্টম শ্রেনী পর্যন্ত অধ্যয়ন করেন।
১৯৬৩'র ৮ মে ইস্ট পাকিস্তান রাইফেলস এ ভর্তি হন রউফ। তাঁর রেজিমেন্টাল নম্বর ১৩১৮৭। 
১৯৭১ এর ২৫ মার্চ স্বাধীনতা যুদ্ধের শুরুতে চট্টগ্রামে ১১ নম্বর উইং এ কর্মরত ছিলেন তিনি। সে সময় তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সঙ্গে স্বাধীনতা যুদ্ধে যোগদান করেন।

যেভাবে শহীদ হলেন
আব্দুর রউফ ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি কোম্পানির সাথে বুড়িঘাটে অবস্থান নেন পার্বত্য চট্টগ্রামে রাঙ্গামাটি-মহালছড়ি জলপথ প্রতিরোধ করার জন্য।
৮ এপ্রিল পাকিস্তান সেনাবাহিনীর কমান্ডো ব্যাটেলিয়নের দুই কোম্পানি সৈন্য সাতটি স্পীড বোট ও দুটি লঞ্চে করে বুড়িঘাট দখলের জন্য অগ্রসর হয়। 
তাঁরা প্রতিরক্ষা বূহ্যের সামনে এসে ৩" মর্টার এবং অন্যান্য ভারি অস্ত্র দিয়ে হঠাৎ অবিরাম গোলা বর্ষন শুরু করে।
গোলাবৃষ্টির তীব্রতায় প্রতিরক্ষা বুহ্যের সৈন্যরা পেছনে সরে যেতে বাধ্য হয়। কিন্তু আব্দুর রউফ পেছনে হটতে অস্বীকৃতি জানান। 
নিজ পরিখা থেকে মেশিনগানের গুলিবর্ষণ শুরু করেন তিনি। মেশিনগানের এই পাল্টা আক্রমণের ফলে শত্রুদের স্পীড বোট গুলো ডুবে যায়। হতাহত হয় এর আরোহীরা। 
পেছনের দুটো লঞ্চ দ্রুত পেছনে গিয়ে নিরাপদ দুরত্বে অবস্থান নেয়। সেখান থেকে শুরু করে দুরপাল্লার ভারী গোলাবর্ষণ। 
হঠাৎ মর্টারের ভারী গোলা এসে পরে আব্দুর রউফের উপর। লুটিয়ে পড়েন তিনি। নীরব হয়ে যায় তাঁর মেশিনগান। ততক্ষণে নিরাপদ দূরুত্বে সরে যেতে সক্ষম হন তাঁর সহযোদ্ধারা।
বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের সমাধি পার্বত্য জেলা রাঙামাটির নানিয়ার চরে অবস্থিত। 
তাঁর অপরিসীম বীরত্ব, সাহসীকতা ও দেশপ্রেমের জন্য বাংলাদেশ সরকার তাঁকে সর্ব্বোচ সম্মান বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করে। শ্রদ্ধাঞ্জলি।
তথ্যসূত্রঃ 'দৈনিক সমকাল'
 


এ জাতীয় আরো খবর