শনিবার, জুন ১৩, ২০২৬

সড়ক দুর্ঘটনায় সৌদি আরবের দাম্মামে বাংলাদেশি এক পরিবারের তিনজন নিহত

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৮-০৬ ২৩:৪৬:০১

সড়ক দুর্ঘটনায় সৌদি আরবের দাম্মামে বাংলাদেশি এক পরিবারের তিনজন নিহত হয়েছেন। আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে আরও দুইজন। 
নিহতরা হলেন- মোবারক হোসেন (৪৮), তাঁর ছেলে তানজিল আব্দুল্লাহ (১৭) ও মেয়ে মাহিয়া মাহি (১৪)। আহত হয়েছেন মোবারকের স্ত্রী শিখা আক্তার (৪০) ও বড় মেয়ে মিথিলা ফারজানা মীম (১৯)। 
স্বজনরা জানান, স্থানীয় সময় শনিবার সকাল ১০টার দিকে নিজেদের গাড়িতে মক্কা থেকে দাম্মামে ফিরছিল পরিবারটি। পথে আল-কাসিম নামক স্থানে পেছন থেকে তাদের গাড়িকে সজোরে ধাক্কা দেয় আরেকটি গাড়ি। এতে মোবারকের গাড়িটি দুমড়ে-মুচড়ে পরিবারের পাঁচজনই গুরুতর আহত হন। পুলিশ তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
মোবারক ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার হাজীগঞ্জের গাজিরটেক গ্রামের শেখ মোহাম্মদ আলীর ছেলে। তারা পাঁচ ভাইয়ের মধ্যে চারজনই সৌদি প্রবাসী। মোবারক প্রায় দুই যুগ ধরে পরিবার নিয়ে দাম্মাম শহরে বসবাস করে আসছিলেন। সেখানে তাঁর একটি গাড়ি মেরামতের দোকান রয়েছে। চার মাস আগে তিনি পরিবার নিয়ে দেশে ঘুরে গেছেন। 
এদিকে, দুর্ঘটনার সংবাদ পাওয়ার পর বাংলাদেশে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। নিহতদের মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা চান তারা।


এ জাতীয় আরো খবর