রানি দ্বিতীয় এলিজাবেথের প্রথম মৃত্যুবার্ষিকী আগামী ৮ই সেপ্টেম্বর। দিনটি উপলক্ষে কোনও আয়োজন করবেন না ছেলে রাজা তৃতীয় চার্লস।
স্থানীয় সময় শুক্রবার রাজ পরিবারের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছে। রাজপরিবারের মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, নিভৃতে দিনটি কাটাতে চান রাজা চার্লস। এ ক্ষেত্রে চার্লস তার মায়েরই পদাঙ্ক অনুসরণ করছেন। রানি তৃতীয় এলিজাবেথও তার বাবার মৃত্যুবার্ষিকী নীরবে পালন করতেন।
রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর রাজা হন ৭৪ বছর বয়সি চার্লস। ৯৬ বছর বয়সি রানির মৃত্যুতে যুক্তরাজ্যজুড়ে শোকের ছায়া নেমে আসে। ঘোষণা করা হয়েছিল ১০ দিনের রাষ্ট্রীয় শোক। রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় হাজির হয়েছিল বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। ব্রিটেনের হাজারও মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছে।