ভারতের সুপ্রিম কোর্ট মোদির পদবি নিয়ে অবমাননা মামলায় রাহুল গান্ধীর সাজা স্থগিত করেছে। বিচারপতি আরএস গাভাই এবং বিচারপতি পিকে মিশ্রের বেঞ্চ আজ শুক্রবার (চৌঠা আগস্ট) রাহুল গান্ধীর দু’বছরের জেলের সাজার উপর স্থগিতাদেশ দিয়েছে।
সংবাদমাধ্যম জানায়, সুপ্রিম কোর্টের এ আদেশের কারণে সুরাত আদালতের রায় আপাতত কার্যকর হচ্ছে না। সেই সঙ্গে লোকসভার সদস্য পদ ফিরে পাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। তিনি নির্বাচনেও লড়তে পারবেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কটূক্তির জেরে মানহানির এ মামলায় সুরাত আদালত ২৩শে মার্চ তাকে দোষী সাব্যস্ত করে। গুজরাট হাইকোর্টও তাঁর দোষী সাব্যস্ততা স্থগিত করেননি। এই বছরের শুরুতে লোকসভার সংসদ সদস্য হিসেবে তাঁকে অযোগ্য ঘোষণা করে। পরে তিনি জুলাইয়ের মাসের মাঝামাঝিতে সুপ্রিম কোর্টের দারস্ত হন। আদালতে তিনি একটি পিটিশন দাখিল করেন। এ মামলায় সুরাত আদালতের দেয়া রায়ের উপর স্থগিতাদেশ দিলো সুপ্রিম কোর্ট।
২০১৯ সালে কর্ণাটকে এক নির্বাচনী জনসভায় বক্তব্যে রাহুল প্রশ্ন তুলে বলেছিলেন, সব চোরের পদবি মোদি হয় কেন? আইপিএল কেলেঙ্কারিতে অভিযুক্ত ললিত মোদি, ব্যাঙ্ক-ঋণ মামলায় ‘পলাতক’ নীরব মোদির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তুলনা টেনেছিলেন তিনি। পরে এই নিয়ে ক্ষুব্ধ হন বিজেপি নেতাকর্মীরা। পরে বিজেপির এক নেতা তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেন।