চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর বিওপি’র আওতাধীন এলাকায় পদ্মা নদীতে ডিঙ্গি নৌকা নিয়ে মাছ ধরার সময় আনমিানিক ৭০০ গজ ভারতের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশকারী এক বাংলাদেশী জেলে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী-বিএসএফ’র হাতে আটক হবার পর অব্যহত যোগাযোগ ও পতাকা বৈঠকের মাধ্যমে নৌকা-জাল সহ ওই জেলেকে ফেরৎ এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
মঙ্গলবার(১৮ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,গত সোমবার(১৭মার্চ) রাত সোয়া ৮টার দিকে পদ্মায় মাছ ধরার সময় মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ৭/৯ এস এর নিকট দিয়ে ভুলক্রমে ভারতে ঢুকে পড়েন বাংলাদেশী জেলে আলমগীর শেখ(২৭)। তিনি শিবগঞ্জের হাসানপুর রামনাথপুর গ্রামের আব্দুর রহমত শেখের ছেলে। এ সময় ৭১ বিএসএফ’র নিমতিতা ক্যাম্পের টহল দল নৌকাসহ ওই জেলেকে আটক করে। ঘটনা জানতে পেরে ৫৩’বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান বিএসএফ’র ৭১ ব্যাটালিয়ন কমান্ড্যান্টের সাথে ওই জেলেকে ফেরৎ আনার ব্যাপারে আলোচনা করেন। এরই ধারাবাহিকতায় অধিনায়কের নির্দেশনায় বিজিবি’র ওয়াহেদপুর কোম্পানী কমান্ডার বিএসএফ’র নিমতিতা ক্যাম্প কমান্ডারের সাথে টেেিলফোনে যোগাযোগ করে বাংলাদেশী জেলেকে ফেরৎ দেবার অনুরোধ জানান।
এ প্রেক্ষিতে মঙ্গলবার(১৮ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০/৪ এস নিকট বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় আটক বাংলাদেশী জেলেকে নৌকা-জাল সহ ফেরৎ আনা হয়। তাঁকে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
৫৩’বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান বলেন, দ্রæত ও যথাযথ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ওই জেলেকে ফেরৎ আনা হয়েছে। বিজিবি সীমান্ত নিরাপত্তায় সর্বদা কাজ করে যাচ্ছে বলেও জানান অধিনায়ক।