চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে শরিয়তপুরের জাজিরা থানা পুলিশের হাতে গ্রেপ্তারের পর চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে অন্তরীণ অবস্থায় অসুস্থ হয়ে মৃত্যুবরণকারী এক ভারতীয় নাগরিকের মরদেহ স্বজনের উপস্থিতিতে ভারতীয় কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেছে বাংলাদেশী কর্তৃপক্ষ। মৃত্যুর দু’মাস পর মরদেহ হস্তান্তর করা হয়। শুক্রবার (১৪ মার্চ) বিকাল ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে মরদেহ হস্তান্তর করা হয়। ওই ভারতীয় নাগরিক বিহার রাজ্যের মোজাফফরপুর জেলার মিনাপুর থানার টুনা রায়ের ছেলে বিজালি কুমার রায় (৪৩)।
সোনামসজিদ ইমিগ্রেশন কর্তৃপক্ষ ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানা পুলিশ সূত্র জানায়, ২০২১ সালের ২৪ জুন গ্রেপ্তার হন বিজালি। পরে ২০২২ সালের ২৩ জুন পর্যন্ত এক বছর সাজাভোগ করেন তিনি। এরপর তাঁকে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। কারাগারে নিউমেনিয়ায় আক্রান্ত হলে তাঁকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সেখান থেকে চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ২০২৫ সালের ১৫ জানুয়ারী তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর ঢাকাস্থ ভারতীয় দুতাবাস বাংলাদেশ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ ও আইনী প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ শুক্রবার বিকালে হস্তান্তর করা হয়।
সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোষ্ট পুলিশের ইনচার্জ (আইসি) জামিরুল ইসলাম বলেন, হস্তান্তরকালে বিজিবি,রাজশাহী কারাগার প্রতিনিধি,রাজশাহী থেকে আসা এসকর্ট পুলিশ,শিবগঞ্জ থানা পুলিশ,বিএসএফ, ভারতের মহদিপুর ইমগ্রেশন কর্তৃপক্ষ এবং মৃতের ভাই রদ্রি রায় সহ সংশ্লিষ্টরা উপস্তিত ছিলেন। শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) কবির হোসেন বলেন,দু’দেশের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের উপস্থিতিতে বাংলাদেশী ইমগ্রেশন কর্তৃপক্ষ ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের নিকট মরদেহ হস্তান্তর করে।