আনুষ্ঠানিকভাবে চীনের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়েছে ওয়াশিংটন। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তর আমন্ত্রণ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে বলা হয়েছে, ওয়াশিংটন আশা করে যে ওয়াং ই আমন্ত্রণ গ্রহণ করবে। তবে চিঠিতে সফরের তারিখ উল্লেখ করা হয়নি।
এর আগে গত মাসে এই একই প্রস্তাব পাঠানো হয়েছিল সে সময়ের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংকে। তবে বেইজিং সে প্রস্তাব গ্রহণ করেনি। এরমধ্যে গত মাসের শেষ সপ্তাহে বরখাস্ত হন কিন গ্যাং। এরপর নতুন করে আবার প্রস্তাব পাঠাল যুক্তরাষ্ট্র।
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেন, সম্প্রতি বৈঠকে কিন গ্যাংকে যে আমন্ত্রণটি দেওয়া হয়েছিল তার সময় বাড়ানো হয়েছে এবং স্পষ্ট করে দিয়েছি নতুন মন্ত্রী ওয়াং ইর জন্য এই আমন্ত্রণ।
এদিকে, যুক্তরাষ্ট্র এমন এক সময় এই প্রস্তাব দিয়েছে যখন নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞায় দুই দেশের সম্পর্কের অবনতি হয়েছে। তাছাড়া তাইওয়ান ইস্যুতেও দেশ দুটি শীতল লড়াইয়ে জড়িয়ে পড়েছে। তবে আমন্ত্রণ গ্রহণ করা হবে কিনা সে বিষয়ে কোনো মন্তব্য করেনি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।