সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার দুর্নীতিবাজ অধ্যক্ষর অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

  • শেখ নাদীর শাহ্,
  • ২০২৫-০২-২৩ ১৫:০২:১৩

পাইকগাছা (খুলনা):
অবৈধ প্রক্রিয়ায় নিয়োগ পাওয়া পাইকগাছার কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ ওলামা লীগ নেতা মাও: আব্দুস সাত্তারের বিরুদ্ধে দূর্নীতি-অনিয়মসহ বহুবিধ অভিযোগ এনে তার অপসারণ দাবিতে রবিবার সকালে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। 
এসময় মানববন্ধন চলাকালে অধ্যক্ষ সাত্তার কৌশলে পালিয়ে গেলেও পরে আন্দোলনকারীরা অধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে। 
ছাত্র, শিক্ষক, মাদ্রাসার জমিদাতা পরিবারের সদস্য ও সাধারণ জনতার আয়োজনে রবিবার (২৩ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় মাদ্রাসার সামনে পাইকগাছা- খুলনা প্রধান সড়কে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
জমিদাতা পরিবারের সদস্য ও সাংবাদিক শেখ সেকেন্দার আলীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জমিদাতা শেখ সাহাজুদ্দীন, কপিলমুনি প্রেসক্লাবের আহ্বায়ক ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের সভাপতি এইচ, এম, শফিউল ইসলাম, জমিদাতা শেখ ইউনুস আলী, শেখ আ; কাদের, মো: বিল্লাল গাজী, শেখ জহিরুল ইসলাম, বাবুসহ অন্যান্যরা।
এসময় বক্তারা মাদ্রাসা অধ্যক্ষ আব্দুস সাত্তারকে নারী লিপ্সু, ভন্ড কবিরাজ, দূর্নীতি- অনিয়ম ও মাদ্রাসা ধ্বংসের মাইন্ড আখ্যা দিয়ে তার অপসারণের দাবি করেন।
তারা বলেন, অবৈধ প্রক্রিয়ায় নিয়োগ পাওয়া ওলামা লীগ নেতা আব্দুস সাত্তার বিভিন্ন সময় অর্থেও বিনিময়ে অদক্ষ শিক্ষক-কর্মচারী নিয়োগ থেকে শুরু করে ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ধ্বংস করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন। তিনি স্বল্প মূল্যে মাদ্রাসায় জমি দানের কথা বলে নিজ নামে অধিক মূল্য দেখিয়ে সাড়ে ৪ শতক জমি লিখে নিয়েছেন। 
গোপনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে জনপ্রতি ১০ থেকে ১৫ লাখ টাকার বিনিময়ে নিজের পছন্দের অদক্ষ শিক্ষক-কর্মচারী নিয়োগ দিয়েছেন। চাকরির সুবাদে মাদ্রাসা চত্ত্বরে রুম ভাড়া নিয়ে মাদ্রাসা ফাঁকি দিয়ে সকাল থেকে মধ্য রাত অবধি কবিরাজি ব্যাবসা পরিচালনা করেন। তার এহেন কর্মকান্ডের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে নানা উপায়ে তাকে প্রশমনের পাশাপাশি শিক্ষকদের সাথে হাতাহাতি ও রক্তাক্ত করেন। জনপদের ঐতিহ্যবাহী এ বিদ্যাপীঠটি রক্ষায় তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।
প্রসঙ্গত, কপিলমুনি জাফর আউলিয়া সিনিয়র মাদ্রাসায় অধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি যশোরের মনিরামপুর উপজেলার লাউড়ী রামনগর কামিল এম,এ মাদ্রাসায় কর্মরত ছিলেন। তিনি সেখানে ১/৭/১৯৯৪ সালে যোগদান করেন এবং ১৬/১১/১৯৯৭ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। যার ইনডেক্স নং-৩৬৪৩৮২।
এরপর ২০১৩ সালের ৩ মে কপিলমুনি জাফর আউলিয়া সিনিয়র ফাজিল ডিগ্রী মাদ্রাসায় অধ্যক্ষ পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিলে ঐ বছরের ৬ জুলাই নিয়োগ পরীক্ষায় তাকে উত্তীর্ণ করা হয়। যদিও সরকারী পরিপত্র সর্বশেষ জনবল কাঠামোর পরিশিষ্ট ১১(২) ’ঘ’তে বর্ণিত কাম্য সংখ্যক অভিজ্ঞতা ১৫ বছর থাকার কথা থাকলেও তার অভিজ্ঞতা ছিল ১৪ বছর ২ মাস। এছড়া জনবল কাঠামো ২০১০ এর পরিশিষ্ট ১১(২) অনুচ্ছেদেও বর্ণনামতে তিনি ঐ পদে নিয়োগ পেতে পারেননা। ১৯৯৫ সালের জনবলকাঠামোর ১৪ নং ধারায় ‘এক প্রতিষ্ঠান থেকে চাকুরী ত্যাগ করার পর অন্য প্রতিষ্ঠানে যোগদানকালীণ সময়ের ব্যবধান ৬ মাসের অধিক হলে উক্ত মেয়াদ অভিজ্ঞতার ক্ষেত্রে গণ্য হবেনা।’ সে আলোকে তার ব্রেক অব সার্ভিস (চাকুরি বিরতি) হয়েছে এবং একই কারণে তার পূর্বের অভিজ্ঞতা গণনা যোগ্য হবেনা। অর্থাৎ ১৭/১১/১৯৯৭ থেকে ২৮/২/১৯৯৯ সাল পর্যন্ত তিনি কোন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন না। এমন পরিস্থিতিতে তিনি চাকুরি বিরতিকালীণ সময়কে চাকুরিকাল দেখিয়ে প্রভাষকের টাইম স্কেল গ্রহনপূর্বক একইভাবে চাকুরি বিরতি সময়কে অভিজ্ঞতা গণনা করে সেখানে অধ্যক্ষ পদে আবেদন করেন। যার ফলে তার আবেদনপত্রটি বাছাই পর্বে বাতিল হওয়ার কথা থাকলেও তৎকালীণ নিয়োগ কমিটি সম্পূর্ণ অবৈধ প্রক্রিয়ায় তাকে সেখানে নিয়োগ দেন।
এসময় বক্তারা আরো বলেন, অনতিবিলম্বে দুর্নীতিবাজ অধ্যক্ষ মাও: আব্দুস সাত্তারকে অপসারন করা না হলে পরবর্তীতে তারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।


এ জাতীয় আরো খবর