অনেকদিন পর গেলাম আবার শান্তিনিকেতনে, বড়ো স্মৃতি বিজারিত জায়গা। তোমার আমার কত যে স্মৃতি লেখা আছে শান্তিনিকেতনের খোয়াইয়ের ধারে যা এখনও মনে গাঁথা আছে।
খোয়াইয়ের পথ ধরে হাঁটতে হাঁটতে কোপাই নদীর কাছাকাছি চলে এলাম, দূর থেকে মনে হলে মেঠো পথের ওপর তুমি দাঁড়িয়ে আছ, সেই এলোমেলো চুল, কাঁধে ঝোলা। মনে হল, চেঁচিয়ে তোমাকে ডাকি, " রঙ্গন এই যে আমি, তুমি কি আমায় দেখতে পাচ্ছোনা! "
তারপরই মনে হল আমার স্বপ্ন দেখা মনটা থেকে আর মুক্তি পেলাম না, তাই জীবনের সব স্বপ্নই শুধু স্বপ্নই থেকে গেলো বাস্তবের মাটিতে আর ফুল হয়ে ফুটে উঠলোনা। কিন্তু মনের কথা নীরবে থেকে যায় মনে।
কোপাইয়ের ঢাল বেয়ে নেমে গেলাম নদীর ধারে, এখনও পা ডোবানো জল, মাঝে মাঝে পাথর ফেলা, কোপাইয়ের আর একদিকে সবুজ ধানের ক্ষেত, মাঝখানে হলুদ শষ্যের ক্ষেত ফাগুনের শেষে বসন্ত বাতাসের দোলে দোল খাচ্ছে শষ্যের ক্ষেত।যেনো বাতাসের ঢেউ এসে দোল দিয়ে যাচ্ছে। মনে পড়ে গেলো, কবির গান, যা এইখানে দাঁড়িয়ে তুমি আর আমি দুজনে মিলে গাইতাম," শর্ষেক্ষেতে ফুল হয়ে তাই জাগল, নীল দিগন্তে "
স্মৃতি গুলো যেনো বড়ো মূর্ত হয়ে উঠছে এই মায়ামাখানো জায়গায় এসে।
তোমার আজ আর মনে পড়েনা, একদিন তুমি এইখানে দাঁড়িয়ে দোলপূর্ণিমার সন্ধ্যাবেলায় একটি মেয়ের মুখে আবীর মাখিয়ে গান করেছিলে, " চাঁদের হাসির বাঁধ ভেঙেছে " তারপর মেয়েটির কপালে একটি চুম্বন দিয়ে বলেছিলে, " তুমি আমার প্রেম, তুমি আমার ভালোবাসা "।
তুমি ভুলে গেলে, একটু একটু করে নিজেকে ভালোবাসার বন্ধন থেকে মুক্ত করে পারি দিলে নীল সাগরের দেশে। প্রেমে পড়লে কোনো এক নীল নয়না সুন্দরীর সাথে, হারিয়ে গেলো তোমার প্রথম ভালোবাসা যা কোপাই নদীর ধারে বিস্মৃতির অন্ধকারে জাল বুনে যাচ্ছে।
আজ মনে হচ্ছে, সব মিথ্যা, প্রেম ভালোবাসা সবই ক্ষণিকের।
আমরা মিথ্যে প্রতিশ্রুতির ওপর দাঁড়িয়ে স্বপ্নের জাল বুনে যাই শুধু। আজ আকাশটা বড়ো বেশি নীল যেনো, বসন্তের বাতাসে শর্ষে ফুল, সবুজ ধানের সারি দোল খেয়ে যাচ্ছে ঢেউয়ের মতন।
সেদিকে তাকিয়ে মনে হল, জীবনে অনেক ঢেউ আসে আবার ভেঙেও যায়, আমার জীবনের ঢেউও ভেঙে গেছে, ভেঙে যখন গেছে তখন তা পুরোপুরি ভেঙেই যাক। আজ মনের ক্যানভাস থেকে ধরে রাখা স্মৃতির বেরঙা ছবিগুলোকে বিস্মৃতির অন্ধকারে পাঠিয়ে দিলাম।
ভিষণ হাল্কা লাগছে মনটা, যে ভার বয়ে নিয়ে এতকাল কষ্ট পাচ্ছিলাম, তা এইখানে একনিমেশে ছুঁড়ে ফেলে দিলাম। সন্ধ্যা নেমে আসছে ধীরে ধীরে, গোধূলির শেষ আলোর রেখাটা এখনও লেগে আছে আকাশের গায়ে, আমার স্বামী এসে বললেন, " এবার যেতে হবে তো "! আমি ওর হাতটা সজোরে চেপে ধরে বললাম," দেখো আকাশ টা যেনো আজ বড়ো বেশি নীল লাগছে না! "
সে ধীরে উত্তর দিল, তোমার মনের ওপর একটা ধূসর আস্তরণ পড়েছিল, মনে হচ্ছে আজ তাকে তুমি সরিয়ে দিতে পেরেছ তাই আকাশটা নীল লাগছে, আমি হেসে ওর হাতটা ধরে গেয়ে উঠলাম, " নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো, পরের লাইনটা আমার স্বামী গাইলেন, বসন্তে সৌরভের শিখা জাগলো।। দুজনে একসাথে গানটা গাইতে কোপাইয়ের ঢাল বেয়ে উঠতে লাগলাম রাস্তায়, সামনে আমাদের ছোটো মেয়ে নাচতে নাচতে চললো। বিশ্বাস করো রঙ্গন আজ যেনো অনেক বেশি করে নিজেকে চিনলাম, বুঝলাম ভালোবাসার প্রকৃত মানেটা, মনের সব ব্যাথা কষ্ট মুছে গিয়ে এক নতুন আলোর দিশা সামনে এলো, যা আমারই তাকে আমি দেখতে পাইনি, যা আমার নয় শুধু তার কথাই ভেবে গেছি, সত্যি বড্ড বোকা আমি, নিজেই নিজের মনে হেসে ফেললাম, অনেকদিন পর এমন প্রাণ থেকে হাসলাম। ভাগ্যিস এসেছিলাম ফেলে যাওয়া পথের ধারে, তাইতো চিহ্নগুলো সব মুছে দিতে পারলাম।