সোমবার, মে ২৫, ২০২৬

বিশ্বব্যাপী স্কুলে স্মার্টফোন নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ

  • সকালের আলো প্রতিবেদক:
  • ২০২৩-০৭-২৯ ০০:১১:৩৫

মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারে শিক্ষা অর্জনের ক্ষমতা কমে যায় এবং মনোযোগে ব্যাঘাত ঘটে। জাতিসংঘের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়। শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের মুখোমুখি যোগাযোগের ওপর জোর দিয়ে শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তি সীমিত করার পরামর্শ দিয়েছে ইউনেস্কো।এর প্রেক্ষিতে বিশ্বব্যাপী স্কুলে স্মার্টফোন নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। 
শ্রেণিকক্ষে মনোযোগ বাড়ানো, শিক্ষার মান উন্নয়ন এবং সাইবার বুলিং থেকে শিশুদের রক্ষা করতে স্কুলগুলোতে স্মার্টফোন নিষিদ্ধ করার সুপারিশ করেছে জাতিসংঘ। মোবাইল ফোনের অতিরিক্ত  ব্যবহারের সাথে শিক্ষা অর্জনের ক্ষমতা কমে যাওয়ার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, মোবাইল ফোন ওঅন্যান্য ডিভাইসে বেশি সময় দেয়ায় শিশুদের মানসিক স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
সব পরিবর্তনই অগ্রগতি নয় উলে­খ করে প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ সামগ্রিকভাবে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার মানব-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য পূর্ণ হওয়া উচিৎ। প্রযুক্তির ব্যবহার কখনোই শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের মুখোমুখী যোগাযোগের সমকক্ষ হতে পারে না বলেও জানিয়েছে ইউনেস্কো। 
ইউনেস্কোর মহাপরিচালক অড্রে আজোলে বলেন, ডিজিটাল বিপ্লবের অপরিমেয় সম্ভাবনা রয়েছে। কিন্তু সমাজে এর ব্যবহার ও নিয়ন্ত্রণ সম্পর্কে রয়েছে সতর্কবাতাও। শিক্ষায় ডিজিটাল প্রযুক্তি যাতে উপকারী হয় এবং সম্ভাব্য ক্ষতি এড়াতে সুস্পষ্ট লক্ষ্য ও নীতি নিশ্চিত করতে নীতিনির্ধারকদের আহ্বান জানিয়েছেন তিনি।
শিক্ষার্থীদের অতিরিক্ত সময় স্মার্টফোন, ট্যাবলেট বা ল্যাপটপের ব্যবহার শিক্ষার ওপর যে ক্ষতিকর প্রভাব ফেলছে তা থেকে শিশুদের রক্ষা করতে ইতোমধ্যে ক্লাসরুমে ডিভাইস নিষিদ্ধ করেছে ফ্রান্স, নেদারল্যান্ডস, তাসমানিয়া ও ফিনল্যান্ড।


এ জাতীয় আরো খবর