তোমার জন্য একটি আকাশ নীল রেখেছি
তোমার জন্য এক আসমান তারার মেলা
তোমার জন্য এই পৃথিবীর জনারণ্যে
একলা সাঁতার নির্জনতায় শব্দ ভেলা
তোমার জন্য পাখির কোরাস
বাঁশ বাগানের মাথার উপর উদাস-মুখো
চাঁদের সোহাগ প্রভাত বেলা।
তোমার জন্য রাত্রি মিছিল
পথহাঁটা আর রাস্তা বাতির আলোর খেলা
শীত কাতুরে কৃষ্ণচূড়ার মুখ লুকানো
ফিসফিস রং লাল পেয়ালা।
তোমার জন্য পদ্মা-মেঘনা
তোমার জন্য ইচ্ছামতী
তোমার জন্য শ্যামল ছোঁয়া
অভিমানী বাতাস যেন খুব একেলা।
বন্ধু আইডি : ৪৯৯