বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

শুভ জন্মদিন আলম আরা মিনু

  • মেসবা খান
  • ২০২৫-০১-১০ ১১:৩৩:৪৩

বাংলাদেশের সঙ্গীত জগতের অতি পরিচিত নাম আলম আরা মিনু। 
'যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা' জনপ্রিয় এ গানটি শুনলেই চোখের সামনে ভেসে উঠে সঙ্গীত নক্ষত্র আলম আরা মিনুর মুখচ্ছবি। 
ছোটবেলায় নিজে নিজেই হারমোনিয়াম বাজিয়ে গান গাওয়ার চেষ্টা করতেন। সেই চর্চাই সঙ্গীতাঙ্গনে একটা সময় তাঁকে প্রতিষ্ঠিত শিল্পী হিসেবে জায়গা করে দেয়। 
তিনি একজন পেশাদার শিল্পী। কিন্তু তাঁর পেশাদারিত্ব শুধু অ্যালবাম করার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং মঞ্চসহ শিল্প-সংস্কৃতির অন্য মাধ্যমগুলোতে বেশি স্বাচ্ছন্দ্যের সাথেই গান করেন মিনু।
সংখ্যার চেয়ে গুণগত মানকেই বেশি গুরুত্ব দেন প্রতিশ্রুতিশীল এই শিল্পী। তাইতো তাঁর অসংখ্য গান মানুষের মুখে মুখে।
১৯৮৭ সালে বেতারের শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন আলম আরা মিনু। ১৯৮৯ সালে নবম শ্রেণীতে পড়াকালীন বের হয় তাঁর প্রথম অ্যালবাম। এরপর থেকে রেডিও, টেলিভিশন, চলচ্চিত্র ও মঞ্চে সরব বিচরণ তাঁর।
নিজে সুর করেও গেয়েছেন বেশ কিছু গান। মাঝপথে ছদ্মনামেও গেয়েছেন বেশ কিছুদিন।
বাংলাদেশের কালজয়ী সুরকার সেলিম আশরাফ তাঁর স্বামী। বাংলাদেশের আরেক জনপ্রিয় সঙ্গীতশিল্পী শামীম আরা অনু তাঁর ছোট বোন। তাঁর একমাত্র মেয়ে লামিয়া আশরাফ অদ্বিতীয়া রাজধানীর ইষ্ট ওয়েষ্ট ইউনিভার্সিটিতে ইংরেজি বিষয়ে পড়াশোনা করছেন। 
আজ ১০ জানুয়ারি জনপ্রিয় এই সঙ্গীতশিল্পীর জন্মদিন। ১৯৭৬ সালের এই দিনে কুমিল্লায় তাঁর জন্ম হয়। 
ফেসবুক পরিবারের পক্ষে শিল্পী মিনুর জন্য রইল শুভ কামনা আজকের এই বিশেষ দিনটিতে। 
 


এ জাতীয় আরো খবর