শনিবার, জুন ২৭, ২০২৬

শুভ জন্মদিন আলেয়া ফেরদৌসী

  • মেসবা খান
  • ২০২৪-১২-২৯ ১৯:২৪:২১

এক সময় যাঁরা বিটিভি'র নাটকগুলো নিয়মিত দেখতেন অভিনেত্রি আলেয়া ফেরদৌসী তাদের কাছে অতি প্রিয় এক নাম। 
মা চরিত্রে অভিনয়ে যিনি পেয়েছিলেন সবচেয়ে বেশি দর্শকপ্রিয়তা। গুণী বর্ষীয়ান এই নাট্যাভিনেত্রিকে এখন টিভি নাটকে দেখা যায় না বলেই চলে।
১৯৬৬ সালে বেতারে এবং টেলিভিশনে তালিকাভুক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত দুইশোরও বেশি রেডিও নাটকে অভিনয় করেছেন তিনি।
       আলেয়া ফেরদৌসীর জন্ম 
      ২৯ ডিসেম্বরে নোয়াখালীতে
রংপুর গার্লস স্কুলে অস্টম শ্রেণীতে পড়ার সময় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সামান্য ক্ষতি’ নাটকের মাধ্যমে অভিনয়ের শুরু। রংপুর শহরে মঞ্চে প্রথম অভিনয় করেন 'নবাব সিরাজ উদ্দৌলা' নাটকে আলেয়া চরিত্রে।
টেলিভিশনে তাঁর প্রথম অভিনীত নাটক নাজমুল আলমের লেখা ‘সারেং’। নাটকটিতে তাঁর সঙ্গে অভিনয় করেন দিলারা জামান, ডলি ইব্রাহিমের মতো ব্যক্তিত্ব।
টেলিভিশনে সম্প্রচারিত আলেয়া ফেরদৌসীর উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে - মৃত্যুক্ষুধা, বহুব্রীহি, কালস্রোত, তিন অধ্যায়, ওরা ছিলো ওধারে, খোলা দুয়ার প্রভৃতি।
সুভাষ দত্তের নির্দেশনায় নির্মিত ‘আমি ভালো আছি’ নাটকটি ছিলো তাঁর টিভি ক্যারিয়ারের শেষের দিকের একটি আলোচিত নাটক। এই নাটকে সতীর্থ রহমান রুবেলের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
রেডিওতে এক সময় আলেয়া ফেরদৌসী ও শওকত আকবর জুটির বেশ জনপ্রিয়তা ছিলো। এখন অনেকটাই দৃষ্টির অন্তরালে চলে গেছেন গুণী এই শিল্পী।
আলেয়া ফেরদৌসী ১৯৮৩ সালে গড়ে তোলেন অঙ্কুর টিউটোরিয়াল নামের প্রি ক্যাডেট স্কুল। 
এর বাইরে তাঁর ‘ঘরে বাইরে’ নামে একটি নাট্যগোষ্ঠী রয়েছে। এ পর্যন্ত নাট্যদলটির ১৪টির অধিক প্রযোজনা মঞ্চস্থ হয়েছে। 
ঘরে বাইরের প্রযোজনায় মঞ্চস্থ ‘হাসু’ নাটকটি ১৯৯৫ সালে শিশু একাডেমি প্রযোজিত অগ্রণী ব্যাংক নাটক প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পায়।
আলেয়া ফেরদৌসী একসময় পুরান ঢাকার হাটখোলায় নারী শিক্ষা মন্দিরে (বর্তমানে শেরে বাংলা বালিকা বিদ্যালয়) শিক্ষকতা করেছেন। 
বর্তমানে তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েসনের ডেপুটি সেক্রেটারি জেনারেল এবং শ্যুটিং ফেডারেশনের উপ-মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
আজকের এই বিশেষ দিনটিতে আলেয়া ফেরদৌসীর জন্য রইল শুভ কামনা ।
 


এ জাতীয় আরো খবর