ভোলা সদর থানা এলাকার শ্রী শ্রী দূর্গা মাতা নামের একটি পূজা মণ্ডপের আলোক সজ্জা এবং গেইট ভাঙচুরের সময় শিমুল চন্দ্র (৩৫) নামের এক যুবককে আটক করেছেন ভোলা সদর থানা পুলিশ।
ওই যুবক ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের মৃত মধুচন্দ্রের ছেলে।বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমান পাটাওয়ারী।
এমন ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে সকল শ্রেণি পেশার মানুষের মাঝে। কেউ কেউ এটিকে দেশ ও সরকারের বিরুদ্ধে গভীর চক্রান্ত বলে আখ্যা দিয়েছেন। কাদের নির্দেশে শিমুল এই কাজ করেছে রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলেও মনে করেন সুশীল সমাজের প্রতিনিধিরা।
এ বিষয় ভোলা সদর থানার ওসি বলেন, আজ বৃহস্পতিবার (৯ই অক্টোবর) সকাল ৭টার দিকে এএসআই মানিক ডিউটিরত অবস্থায় ভোলা পৌরসভার আবহাওয়া অফিস সংলগ্ন শ্রী শ্রী দুর্গা মাতার মন্দির পূজা মণ্ডপের গেইট ভাঙচুর ও আলোকসজ্জায় ইটের ঢিল নিক্ষেপের সময় ঘটনাস্থল থেকে ওই যুবককে আটক করা হয়েছে।
এ দিকে পরিবারের দাবি অভিযুক্ত শিমুল চন্দ্র দীর্ঘদিন যাবৎ মানসিক ভারসাম্যহীন। উন্নত চিকিৎসার জন্য তাকে পাবনা মানসিক হাসপাতালে নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।