নৌকাডুবিতে নাইজেরিয়ায় নারীসহ ১৬ জন নিহত হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ১০০ জন। এসময় জীবিত উদ্ধার করা হয়েছেন ১৫০ জনকে। স্থানীয় সময় বুধবার রাতে ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার সময় মকওয়া রাজ্যের নাইজার নদীতে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় ৩০০ জন যাত্রী নিয়ে একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ্রগহণ শেষে বাড়ি ফিরছিলো একটি নৌকা। নৌকাটি নাইজার নদী পাড়ি দেওয়ার সময় ডুবে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। অতিরিক্ত যাত্রীর চাপে মাঝনদীতে যাওয়ার পর পরই ডুবে গেছে নৌকাটি।
পুলিশ জানিয়েছে, স্থানীয়ভাবে তৈরি কাঠের তৈরি সেই নৌকার যাত্রী ধারনের ক্ষমতা যেখানে ছিল ১০০ জন, সেখানে নৌকার মাঝি ও তার সহকারীরা প্রায় ৩০০ যাত্রী তুলেছিলেন। মকওয়ার রাজ্যের মুন্ডি জেলা থেকে গিবাজিবো জেলার দিকে যাচ্ছিল নৌকাটি। যাত্রীদের অধিকাংশই ছিলেন নারী ও শিশু। একটি উৎসবে যোগদান শেষে বাড়ি ফিরছিলেন তারা।
নাইজেরিয়ার দুর্যোগ মোকাবিলা দপ্তর (এনএসইএমএ) কেন্দ্রীয় শাখার মুখপাত্র আবদুল্লাহি বাবা-আরাহ জানিয়েছেন, নৌকাডুবির পর স্থানীয় লোকজনের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে ১৫০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।