দেড়শ’ বছর পেড়িয়ে অবশেষে বিদায় নিচ্ছে সেই কলকাতার ঐতিহ্য ও ভালোবাসার ট্রাম। কবি সাহিত্যিকদের কবিতা, গল্প, উপন্যাসে কলকাতার রাস্তা মানেই যেন ট্রামের ছড়ানো লাইন। আর জীবনে সময়ের সাথে ছুটে চলা এক স্টেশন থেকে অন্য স্টেশন। সিনেমাতেও দেখা মিলে ট্রামের চলাচল বা ভ্রমণের দৃশ্য। কলকাতার রাস্তায় ট্রামের বর্ণনা ও চিত্র উঠে এসেছে যুগের পর যুগ। যা কলকাতার জন্য এক ঐতিহ্যের নির্দশন।
সেই ট্রামই সড়ক থেকে তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সোমবার (২৩শে সেপ্টেম্বর) পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, সর্বশেষ ধর্মতলা থেকে বালিগঞ্জ আর ধর্মতলা থেকে শ্যামবাজার এ দুটি লাইনে ট্রাম চলত যা তুলে দেওয়া হচ্ছে। তবে ঐতিহ্য’ হিসেবে পর্যটকদের জন্য দুই কিলোমিটার পথে ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত ট্রাম চালানো হবে।
কলকাতায় ১৮৭৩ সালের ২৪ শে ফেব্র“য়ারি প্রথমবার ঘোড়ায় টানা ট্রাম চালানো হয়। শিয়ালদহ থেকে আর্মেনিয়া ঘাট পর্যন্ত ওই ট্রাম চলে। পরে ‘কলকাতা ট্রামওয়ে কোম্পানি লিমিটেড’ গঠন করা হয়। এ কোম্পানির নিবন্ধন ছিল লন্ডনে। পরে ১৯০২ সালে কলকাতায় প্রথমবার চালু করা হয় বৈদ্যুতিক ট্রাম। কলকাতার ঐতিহ্যবাহী ট্রামের ১৫০ বছর পূর্তি উৎসব হয় ২০২৩ সালের ২৪ ফেব্র“য়ারি। দিবসটি উপলক্ষে কলকাতা ট্রাম কোম্পানি বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে। পুরোনো আটটি ট্রাম নতুন করে সাজিয়ে পথে নামানো হয়।
পূর্তি উৎসবের দিনই দাবি ওঠে, ট্রাম বন্ধ করা যাবে না। ভারতের একমাত্র শহর হিসেবে কলকাতায় ট্রাম চলে। ট্রাম কলকাতার গর্ব, গৌরব ও ঐতিহ্য। দেশবিদেশের বহু পর্যটক ট্রাম দেখতে কলকাতায় আসেন। ঐতিহ্য ধরে রাখতে হলেও ট্রাম চালু রাখতে হবে। কিন্তু এবার ট্রামকে বিদায় জানানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর ফলে কলকাতা শহরে জালের মতো ছড়িয়ে থাকা ট্রামলাইন এবার উঠে যাচ্ছে। এখন শুধু ইতিহাসের সাক্ষী হয়ে দুই কিলোমিটার পথেই দেখা মিলবে ঐতিহ্যবাহী এই ট্রামের।
কলকাতার নাম শুনলেই মনে পড়ে হলুদ ট্যাক্সি আর জীবন রেখার মতো ছড়িয়ে থাকা ট্রাম লাইন।