মঙ্গলবার, মে ২৬, ২০২৬

নী ল আ লো

  • জীবন নয় কোনো অলীক স্বপ্ন
  • ২০২৪-০৯-১৩ ২৩:০৩:৩৫

ভালোবাসা শুধু পোড়ায় না,
নিজেও পোড়ে নিজের আগুনে,
গভীর চুম্বনের মতো সমাপ্ত রোদ্দুরের রঙ
শরীরে পেচানো নীলাভ শাড়ীর মতো স্বপ্ন,
চোখের জলের মধ্যে ফুটে উঠা নিজস্ব ছবি
তোমার দেওয়া অবিরল ব্যথার গভীরলব্ধ বেদনা-
জলে রাজহংসের পিঠে আপ্লুত সেই লাল সন্ধ্যা,
দৈনন্দিন বিরক্তভরা দিনগুলো আজ
নিজেই নিজকে উপহার দিলাম ----
তুমি কেমন আছ?
জীবনের এইসব স্বপ্নাতুর ঐশ্বর্য আর দুঃস্বপ্নের বিনিদ্র রজনী
হেলেপরা জীবনের ছলকানো নিঃশ্বাস
নির্জনতায় ভরা কষ্টের নিঃমৃত নির্যাস,
সমস্ত কিছুই ফুলের তোড়ার মতো-হৃদয়ে সাজিয়ে রেখে দিলাম,
বলো, তুমি ভাল আছো তো ?
একদা স্বপ্ন দেখতাম, স্বপ্ন দেখাতাম
আমার হাত ছুঁয়ে আছে তোমার অনামিকা
দু’টি মন ভেসে আছে নীল পদ্মের জলে
সুরে সুরে ভেসে যাচ্ছে আমার আঙ্গিনা,
আমার জীবনের সমস্ত মেঘ
দু'হাতে ছড়িয়ে দিচ্ছি পরম ভালোবাসায়-
অন্য এক জীবনের কাছে --
তুমি কি তা ভাবতে পারো ?
এখন কোন স্বপ্ন নেই, ভাগ্য নিয়ে আর ভাবি না
আমি বড়ই মূর্খ - তোমার বিদায় সম্ভাষনকে
ধ্রুপদী নৃত্যের ছন্দ ভেবে পুলকিত হয়েছি,
বুঝিনি এ বিদায় নেবার এক নতুন আঙ্গিক
জলের মাঝে পয়সা ফেলে ভাগ্য দেখতে চেয়েছি--
তবু বুঝিনি, "জীবন নয় কোন অলীক স্বপ্ন।"
শাদা দিনগুলি আমার স্মৃতি
রাতগুলি আমার দীর্ঘশ্বাসে ভরা ধু ধু বালুকাময় চর;
তুমি কি কখনো স্মৃতিবহ হও?

 


এ জাতীয় আরো খবর