বন্দুকধারীর হামলায় যুক্তরাষ্ট্রের জর্জিয়ার একটি স্কুলে অন্তত চার জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত: নয়জন।
সিএনএন জানায়, স্থানীয় সময় বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে জর্জিয়া অঙ্গরাজ্যের উইন্ডারের আপালাচি হাইস্কুলের ভেতরে এ হামলার ঘটনা ঘটে।
সন্দেহভাজন হামলাকারী একজন ১৪ বছর বয়সী কিশোর। নিহতদের চারজনের মধ্যে দুইজন শিক্ষার্থী এবং দুইজন শিক্ষক।
জর্জিয়া পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, সন্দেহভাজন বন্দুকধারী হিসেবে এক কিশোরকে তাদের জিম্মায় নেয়া হয়েছে। ওই অঞ্চলের সমস্ত স্কুলে লকডাউন অবস্থা জারি রয়েছে।
ঘটনার পর যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে ব্যাপক সতর্কতার সঙ্গে পুলিশ পাহারা জোরদার করা হয়েছে। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে হেলিকপ্টার দিয়ে সরিয়ে নেয়া হয়েছে।
এদিকে স্কুলে গুলিতে নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্টলেডি জিল বাইডেন। গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে বাইডেন দম্পতি বলেন, এই নেক্কারজনক ঘটনায় আমরা গভীর শোক প্রকাশ করছি। একের পর এক এমন ঘটনাকে আমরা স্বাভাবিক হিসেবে মেনে নিতে পারি না।