এভাবেই রোজ ফুল ফেরি করি
দাঁড়িয়ে থাকি অপেক্ষায়
কবে তুমি এই পথে যাও
তাই নিয়ে দো'টানায় কাটে
যদি কোন দিন দেখা হয়ে যায়
অজানা পথের মোড়ে হেঁটে যেতে যেতে
সেই প্রথম দেখার মুগ্ধতা নিয়ে
তোমার সামনে গিয়ে দাঁড়াবো
ফুলগুলো সব হাতে তুলে দিয়ে নিজেকে ঘোষণা করে দেবো প্রেমিক বলে
তারপর হাতে হাত রেখে বিশ্বভ্রমণ -
গ্রহ থেকে গ্রহে
সৌরমন্ডলে
নক্ষত্রের খোঁজে কসমস থেকে কসমসে!
তবুও দো'টানা -
ধরো যদি ভুল সময়ে দেখা হয়ে যায়
ততদিনে যদি ঝিমিয়ে পড়ে ফুলগুলো
কিংবা ঝরে যায় যেভাবে ঝরে শীতের সবুজ
অথবা ঝড়ে ঝরে যায় শিউলি যেমন - কিভাবে আমি প্রেমিক হবো!