মঙ্গলবার, মে ২৬, ২০২৬

প্রথমবারের মতো প্রেসিডেন্সিয়াল বিতর্কে অংশ নেবেন কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৮-০৯ ১৫:৪৯:৫২

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষ্যে প্রথমবারের মতো প্রেসিডেন্সিয়াল বিতর্কে অংশ নেবেন কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। আগামী ১০ই সেপ্টেম্বর এই বিতর্ক আয়োজিত হবে বলে জানিয়েছে এবিসি নিউজ। এছাড়া ডেমোক্র্যাট প্রার্থী কমলার সাথে আরও দুইটি বিতর্কের প্রস্তাব দিয়েছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। একাধিক বির্তকে অনাগ্রহ নেই কমলারও। আগামীতে হোয়াইট হাউসের বাসিন্দা নির্বাচিত হওয়ার দৌঁড়ে এই বিতর্কগুলো উভয় প্রার্থীর জন্যই বড় পরীক্ষা বলে মনে করছেন বিশ্লেষকরা।  
আমেরিকায় নির্বাচনী প্রথা অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনের আগে বিভিন্ন গণমাধ্যম আয়োজিত বিতর্কে অংশ নেন প্রধান দলগুলোর প্রার্থীরা। সেই প্রথা মেনে আগামী ১০ই সেপ্টেম্বর প্রেসিডেন্সিয়াল বিতর্কে মুখোমুখি হচ্ছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে এটিই হবে প্রথম মুখোমুখি বিতর্ক। যার আয়োজক মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ। 
স্থানীয় সময় বৃহস্পতিবার ফ্লোরিডার পাম বিচের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলন করে কমলার সাথে বিতর্কে রাজি হন ট্রাম্প। ৪ঠা ও ২৫শে সেপ্টেম্বর কমলার সঙ্গে আরও দুটি বিতর্কে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেন তিনি।  যেগুলো ফক্স ও এনবিসিতে সম্প্রচার করা হবে। 
এর জবাবে এক সাক্ষাৎকারে কমলা জানান,  ট্রাম্পের সাথে নির্বাচনী বিতর্কে অংশ নিতে  প্রস্তুতি নিচ্ছেন তিনি। এমনকি প্রতিদ্বন্দ্বির সঙ্গে একাধিক বিতর্কেও সম্মতি রয়েছে তার। যদিও ফক্সের বিতর্কে অংশ নেওয়ার কথা নাকচ করে দিয়েছে কমলার প্রচার শিবির। 
তবে, ফক্স ও এনবিসি সংবাদমাধ্যমের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ১০ সেপ্টেম্বরের বিতর্ক দেখার পর পরবর্তী বিতর্কের সূচি তৈরি করা হবে। 
সাম্প্রতিক কয়েকটি জরিপে আসন্ন বিতর্কে কমলা ও ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি বাকযুদ্ধ হওয়ার আভাস পাওয়া গেছে। বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্সিয়াল বিতর্কে অংশ নেয়ার পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে কমলাকে আক্রমণ করতে পারেন ট্রাম্প। তবে একজন সাবেক প্রসিকিউটর হিসেবে কমলা হ্যারিসও দক্ষতার সাথে ট্রাম্পের মুখোমুখী হবেন বলে অভিমত অনেকের। 
অণ্যদিকে, আসন্ন নির্বাচনে ট্রাম্প  হেরে গেলে সেই পরাজয় তিনি শান্তিপূর্ণভাবে মেনে নেবেন না বলে আশঙ্কা প্রকাশ করেছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। আর ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের আশংকা ট্রাম্প বিজয়ী হলে আমেরিকার জনগনের স্বাধীনতা হুমকির মুখে পড়বে। 


এ জাতীয় আরো খবর