মঙ্গলবার (৬ আগস্ট) বিকেল ৩টার মধ্যে সংসদ ভেঙে দেওয়া না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম।
নোবেলবিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দেখতে চায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। দায়িত্ব নিতে সম্মত হয়েছেন ড. মুহাম্মদ ইউনূসও।
এমন পরিস্থিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তুতি শুরু হয়েছে। সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠিত হবে।
জানা গেছে, আইন মন্ত্রণালয় ও মন্ত্রীপরিষদ বিভাগ শপথের আয়োজন করছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের পরেও ফ্যাসিস্ট হাসিনার সংসদ বিলুপ্ত করা হয়নি। আজ (মঙ্গলবার) বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙা না হলে আগামীকাল কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বিপ্লবী ছাত্র-জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি।
তিনি আরও বলেন, রাষ্ট্রপতি বলেছিলেন তিনি অনতিবিলম্বে জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি অভ্যুত্থানের পরেও এখনও ফ্যাসিস্ট হাসিনার জাতীয় সংসদ রয়ে গেছে। আমরা ঘোষণা করছি, আজ দুপুর ৩টার মধ্যে এই ফ্যাসিস্ট হাসিনার সংসদ ভেঙে তা বিলুপ্ত করতে হবে। যদি তা বিলুপ্ত না করা হয় তাহলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য থাকব।