দ্যাখো আজ অনেকদিন পর এমন মেঘ করল,
হাওয়া দিল পাগল পাগল, মাটির ভেতর থেকে
ঝাঁপিয়ে বেরিয়ে এল অদ্ভুত সোঁদা গন্ধটা,
তাও কেন তোমার মনে পড়ল না গো, আমার কথা ?
এই যে বৃষ্টি নামল, ওই যে পশ্চিমের মাঠ উঠল
ধোঁয়া হয়ে জলের ঝাপটায়, আকাশ কাঁপিয়ে দিল বাজ
তুমি বুঝি এখনও বুঝলে না, এ আয়োজন কীসের জন্যে ?
দ্যাখো বৃষ্টি বেড়েই চলেছে। বান ডাকবে, বান ডাকবে,
সোনা! আমিও যদি আর একটু কষ্ট পেতে পারি,
আরও আরও আরও একটু ভয়, . . .
ততদিনে, ততদিনে নিশ্চয়ই তোমার মনে প’ড়ে যাবে . . .