শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

নরসিংদী কারগার থেকে পালানো ৩৮৯ বন্দির আত্মসমর্পণ, 'তিন জঙ্গি গ্রেফতার'

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৭-২৫ ১৫:৫৩:০৫

নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে ৩৮৯ জন আত্মসমর্পণ করেছে, এছাড়া পলাতক নয় জঙ্গি সদস্যের মধ্যে তিন জনকে গ্রেফতার করা হয়েছে করার কথা জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার নারায়ণগঞ্জে এক সংবাদ সম্মেলনে র‍্যাবের সিও লেফটেনেন্ট কর্নেল তানভীর মাহমুদ পাসা জানান বুধবার সোনারগাঁও থানায় অভিযান চালিয়ে আনসার আল ইসলামের সদস্য মো. ফারুক আহমেদকে গ্রেফতার করা হয়।
এর আগে বুধবার পলাতক দুই নারী জেএমবি সদস্যকে ঢাকা থেকে গ্রেফতারের কথা জানায় অ্যান্টি টেরোরিজম ইউনিট।
শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৯শে জুলাই এক দল মানুষ নরসিংদী জেলা কারাগারে হামলা-অগ্নিসংযোগ করে।
এসময় তারা কারাগারের ভেতরের সেলগুলোর তালা ভেঙে দিলে 'নয় জঙ্গি' সদস্যসহ ৮২৬ বন্দি পালিয়ে যায়।
এরপর থেকে আইনশৃঙ্খলা বাহিনী পলাতক বন্দিদের গ্রেপ্তার করতে অভিযান শুরু করে। গত চার দিনে ৩৮৯ জন বন্দি আত্মসমর্পণ করেছে বলে জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী নাজমুল ইসলাম।
বিবিসি বাংলাকে তিনি বলেন, “গত সোমবার পাঁচ জন, মঙ্গলবার ১২৮ জন, বুধবার ১৫৫ জন এবং বৃহস্পতিবার বেলা ৩টা পর্যন্ত ১০১ জন আত্মসমর্পণ করেছেন। বেলা শেষে এই সংখ্যা আরো বাড়তে পারে। যারা আত্মসমর্পণ করছে তাদের বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের হবে না।”
এদিকে, লুট হওয়া ৮৫টি অস্ত্রের মধ্যে ৩৯টি উদ্ধার করা হয়েছে। এছাড়া এক হাজার ৮৫টি গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানা গেছে।
তবে কারাগার এখনও সচল হয়নি। গ্রেফতারকৃত এবং আত্মসমর্পণ করা কয়েদিদের আশেপাশের জেলা কারাগারে রাখা হয়েছে।-বিবিসি বাংলা।

 


এ জাতীয় আরো খবর