২৬ জুলাই থেকে শুরু ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’, অলিম্পিক ৷ প্যারিসে বসছে অলিম্পিক্স ২০২৪-এর আসর ৷ ১৯০০ ও ১৯২৪ সালের পর ফের প্রেমের শহরে ক্রীড়াবিশ্বের সবচেয়ে জৌলুশপূর্ণ প্রতিযোগিতা হতে যাচ্ছে ৷ ১০০ বছর পর ফের প্যারিসে ফিরছে অলিম্পিক ৷ থাকছে ৩২টি খেলা, ৩২৯টি ইভেন্ট, ২০৬টি দেশ ৷
কিন্তু জানা আছে কি, প্রায় প্রতিটি অলিম্পিকই আগের অলিম্পিকের থেকে আলাদা ৷ প্রতিটি অলিম্পিকেই হয় কোনও নতুন খেলা কিংবা ইভেন্টের অন্তর্ভুক্তি হয়েছে, বা কোনও খেলা বাদ পড়েছে ৷ তারমধ্যেই একাধিক খেলা হাসির রোল তুলেছিল ক্রীড়াবিশ্বে ৷ কোনওটায় নৌকার নীচ দিয়ে সাঁতার কাটতে হত, কোনওটায় আবার চলন্ত ঘোড়ার পিঠে উঠে জিমন্যাস্টিক দেখাতে হত ৷

২০০ মি. হার্ডলস সাঁতার (200 M Obstacle Race)
১৯০০ সালে প্যারিসেই বসেছিল অলিম্পিকের আসর ৷ সেখানেই ছিল এই অভিনব ইভেন্ট ৷ আপাত দৃষ্টিতে খুব জটিল মনে হলেও ইভেন্টটি মজার ছিল ৷ ২০০ মিটার অবস্ট্যাকল রেসটিতে প্রতিযোগীদের একটি খুঁটির উপরে উঠতে হত ৷ তারপর সারি সারি নৌকার উপর দিয়ে ঝাঁপিয়ে পড়তে হত ৷ তারপরে নৌকার অন্য সারির নীচে সাঁতার কেটে লক্ষ্যে পৌঁছতে হত । ১২ জন সাঁতারু এই ইভেন্টে অংশ নিয়েছিলেন । সোনা জিতেছিলেন অস্ট্রেলিয়ার ফ্রেডরিক লেন ৷