বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে কলকাতায় শুরু হয়েছে আচমকা দড়ি টানাটানি

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৭-১৯ ১৫:০৩:৩১

ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে কলকাতায় শুরু হয়েছে আচমকা দড়ি টানাটানি। তা-ও আবার কলকাতার দুই বড় ফুটবল ক্লাবের মধ্যে। ইস্টবেঙ্গল ও মোহনবাগান বৃহস্পতিবার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে জানিয়েছে, তারা এবার সৌরভকেই ক্লাবের তরফে সর্বোচ্চ সম্মানটি দেবে। এর পরেই সমাজমাধ্যমে দুই দলের সমর্থকদের মধ্যে কথার লড়াই লেগে গিয়েছে। যার নির্যাস— কারা আগে সৌরভকে সম্মান দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। কারা কাকে ‘নকল’ করছে এবং সর্বোপরি সৌরভ আসলে কাদের? বাঙালের? না ঘটির? তার চেয়েও বড় প্রশ্ন— সৌরভকে নিয়েই এই দড়ি টানাটানি কেন?
আসলে এই মুহূর্তে বাঙালির সামনে ‘বিগ্রহ’ বলতে চার জন। দুই নোবেলজয়ী অমর্ত্য সেন ও অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সৌরভ। প্রথম দু’জন বিদেশে থাকেন। বঙ্গবাসীর কাছে তাঁরা দূরগ্রহেরই মানুষ। আর মমতা রাজনৈতিক ব্যক্তিত্ব। সৌরভই একমাত্র, যিনি রাজনীতির সঙ্গে জড়িত নন। দ্বিতীয়ত, খেলাধুলোর মতো সর্বজনস্বীকৃত একটি মাধ্যমের সঙ্গে যুক্ত। তৃতীয়ত, যাঁর জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি রয়েছে। দেশে-বিদেশে তিনি বাংলার ‘মুখ’। খেলা ছেড়ে দেওয়ার ১৬ বছর পরেও তাঁর জনপ্রিয়তায় ঘাটতি পড়েনি। তার একটা বড় কারণ অবশ্য তাঁর টেলিভিশনে কুইজ় শো ‘দাদাগিরি’। বিজ্ঞাপনদাতাদের কাছেও তাঁর চাহিদা সবচেয়ে বেশি। বিজ্ঞাপনদাতাদের এটা জানাতে দ্বিধা নেই যে, ‘বাজেট’ অনুমতি দিলে তাঁরা তাঁদের পণ্যের ‘বিপণন’ করতে সকলের আগে সৌরভের কথাই ভাবেন। রাজ্যের অন্য কাউকে বিজ্ঞাপনে ব্যবহার করলে বিশেষ লাভ হয় না।
সন্দেহ নেই, ইস্টবেঙ্গল এবং মোহনবাগানও নিজেদের ক্লাবকে সমর্থকদের কাছে ‘বিপণন’ করার জন্যই সৌরভের সামনে সম্মানের ঝুলি নিয়ে হাজির হয়েছে। এবং সেই সুবাদে নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়েছে।সূত্র-আনন্দবাজার পত্রিকা।

 


এ জাতীয় আরো খবর