চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সাতশত পঁচাত্তর গ্রাম হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় মো.কাজল (৪২) ও মরিয়ম বেগম(৩৪) নামে দু’জনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে কাজলকে পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে দু’বছর ও মরিয়মকে দশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে এক বছর বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। রবিবার(১৪জুলাই) বিকাল ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ মোহা: আদাীব আলী আসামীদের উপস্থিতিতে আদেশ প্রদান করেন। দন্ডিত কাজল চাঁপাইনবাবগঞ্জ শহরের ৪ নং ওয়ার্ডের দারিয়াপুর স্কুলপাড়া মহল্লার মো. তৈয়মুরের ছেলে এবং মরিয়ম রাজশাহীর গোদাগাড়ী পৌর ২ নং ওয়ার্ডের মহিষালবাড়ি এলাকার ইউনুস আলীর স্ত্রী।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী(পিপি) নাজমুল আজম বলেন,২০২০ সালের ৮ সেপ্টেম্বর বিকালে কাজলের শয়নকক্ষে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের অভিযানে ৭৭৫ গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেপ্তার হয় কাজল ও মরিয়ম। এ ঘটনায় পরদিন চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় ওই দু’জনকে আসামী করে মামলা করেন চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) দ্বীন মোহাম্মদ। ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও চাঁপাইনবাবগঞ্জ সদর থানার তৎকালীন উপ-পরিধর্শক(এসআই) আলমগির কবির ওই দু’জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ৯ জনের সাক্ষ্য,প্রমাণ ও শুনানী শেষে আদালত রবিবার ওই দু’জনকেই দোষি সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এড.ফরিদ আহমেদ জনি ও নূরে আলম সিদ্দিকী আসাদ।