বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

আ ব দু ল হা ন্না ন ই উ জে টি ক্স

  • বস এবং চামচা
  • ২০২৪-০৭-১১ ০০:৩৮:০২

সূর্যটা আজ পশ্চিম দিকে
উঠল নিয়ম ছাড়িয়ে,
তাই তো স্যার সকলে
দেখছে উৎসাহ বাড়িয়ে।

হাজী সাহেব বড্ড পাজী
মানে না আদব কায়দা,
হাছা কথা কইছেন স্যার
লুটতে চায় সে ফায়দা।

রহিম মিয়া কর্মস্থলে
মস্ত ফাঁকিবাজ,
সে স্যার ভীষণ বেহায়া
নেই কোন লাজ।

আগুনকে ফুঁ দিয়ে
বানাতে পারি পানি,
আপনার কথা শতভাগ
সত্য বলে মানি।

করিমটা বোকার হদ্দ
বোঝে না কিছু,
ওরা স্যার মানুষ ভালা না
জাতে খুব নিচু।

হায়দারের সাথে কী হলো
শুনেছ তো কাল,
ওই শালারে আমিও স্যার
দিয়েছি বড্ড গাল।

আমার সাথে তাফালিং করে
আবুল বাশার,
ওর মনে হয় ইচ্ছে নেই 
বেশিদিন বাঁচার। 

ডিজিটাল যুগের পোলাপানের
বুঝি না হালাচাল,
আপনার সাথে বেয়াদবি করলে
তুলে ফেলব ছাল।

গতরাতে পড়েছিল
প্রচণ্ড গরম,
আমি স্যার লেমটাই ছিলাম
বলতে লাগে শরম। 

আমার মতো ভালা মানুষ
কজন আর আছে,
এজন্যই তো কুত্তার মতো
থাকি আপনার পাছে।


এ জাতীয় আরো খবর