হীরা দিয়ে কাচ কাটি --- হীরা চুষে মরে যাই
জানি তো সেই হীরা খুব মূল্যবান
কাচ-হীরা কভু নয় সমানে সমান
স্বচ্ছ কাচে মুখ রেখে তবু তপ্ত পরান জুড়াই।
মনেরও স্বচ্ছ আয়না আছে, দেখি বন্ধুর মুখ
কাচ ভেঙে যায় মন ভাঙে যেমন
অশ্রুজলে খুঁজি পথ হারাই যখন
জোড়া লাগে নাকো আর কষ্টে ভাঙলে বুক।
বিশ্বাসের তলানিতে জানি না থাকে ক'টা স্তর !
নাকি প্রয়োজনে বিশ্বাস কমে বাড়ে
উত্তরে দূরত্বের প্রশ্ন মেঘ ও পাহাড়ে
এতটুকুন বুঝতেই যেন কেটেছে হাজার বছর।
মেকি ভালোবাসাও ঠিক ভঙ্গুর কাচের মতোন
খণ্ডবিখণ্ড হয় মুহূর্তে ঠুনকো আঘাতে,
প্রতিশ্রুতি ভেসে যায় সব নির্ঘুম রাতে
সম্পর্কের পেয়ালা পূর্ণ তখন হেমলক পয়জন।