চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
করোনা মহামারীর সময় চাঁপাইনবাবগঞ্জে সরকারি ত্রাণের চাল অধিক মূণাফার আশায় অসাধু উদ্দেশ্যে কালোবাজারির মাধ্যমে মজুদের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে দায়ের একটি মামলায় দু’জনকে যাবজ্জীবন কারাদন্ড,পাঁচ হাজার টাকা করে অর্থদন্ড অনাদায়ে আরও তিন মাস করে বিণাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে চাঁপাইনবাবগঞ্জের বিশেষ ট্রাইবুনাল-২। বৃহস্পতিবার (১৩জুন) দুপুরে ট্রাইবুনালের বিচারক মো: রবিউল ইসলাম আসামীদের উপস্থিতিতে আদেশ প্রদান করেন।
দন্ডিতরা হল-চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের তেররশিয়া মোকসেদমন্ডলপাড়া (বর্তমান-আমনুরা,ধীনগর) গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে মেসবাহুল হক ওরফে আনারুল ওরফে বাবু(৪৩) ও নারায়নপুর ইউনিয়নের সূর্যনারায়নপুর মন্ডলপাড়া গ্রামের (বর্তমান-চাঁপাইনবাবগঞ্জ শহরের গণকা মহল্লা) নজরুল ইসলাম মাষ্টারের ছেলে রবিউল ইসলাম (৫২)। মামলা চলাকালে আরেক আসামী দন্ডিত রবিউলের ছোটভাই আবু হুরায়রা বাবু মারা যান এবং অপর অপর আসামী মহারাজপুর ইউনিয়নের ভাগ্যবানপুর মন্ডলপাড়ার গোলজার মন্ডলের ছেলে কামাল আলীকে বেকসুর খালাস দেন আদালত।
মামলার বিবরণ ও আদালতসূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল ইসলাম রবু বলেন, ২০২০ সালের ১২ এপ্রিল মহারাজপুরের জোড়বকুলতলা (বকশিমন্ডলেরটোলা) গ্রামের একটি ভাড়া বাড়িতে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। অভিযানে ‘খাদ্য অধিদপ্তরের জন্য’ সিলযুক্ত চটের বস্তা থেকে প্লাষ্টিকের বস্তায় ভরার সময় ৩০০ বস্তাভর্তি ১৫ হাজার কেজি চাল (প্রতি বস্তায় ৫০ কেজি চালভর্তি ১৪৫টি চটের বস্তা,১৫৫টি প্লাষ্টিকের বস্তা), ১৫৫টি খালি চটের বস্তা, বস্তার মুখ সেলাই করার একটি মেশিন ও একটি ডিজিটাল ওজন পরিমাপক মেশিনসহ গ্রেপ্তার হয় মেসবাহুল ও রবিউল।
এ ঘটনায় ওইদিন চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় ৪ জনকে আসামী করে মামলা করেন ডিবির তৎকালীন উপ-পরিদর্শক (এসআ্ই) আবু আবদুল্লাহ জাহিদ। মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির উপ-পরিদর্শক আসগার আলী ২০২০ সালের ২৯ জুলাই ওই ৪ জনকেই অভিযুক্ত করে আদালতে মামলার চার্জশীট দাখিল করেন। ১৭ জনের সাক্ষ্য,প্রমাণ ও শুনানী শেষে ট্রাইবুনাল বৃহস্পতিবার মেসবাহুল ও রবিউলকে দোষি সাব্যস্ত করে দন্ডাদেশ ঘোষণা করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এড. নজরুল ইসলামÑ২। ###