বরগুনা প্রতিনিধি:
বরগুনায় ডিসি অফিসের সাবেক নাজির বর্তমান ট্রেজারী শাখার ট্রেজারার মোহাম্মদ আল মাসুদ করিম ও তার স্ত্রী খাদিজা আক্তারের বিরুদ্ধে মামলা করেছে দূর্নীতি দমন কমিশন দুদক। বুধবার বরগুনা জেলা জজ আদালতের দুর্নীতি দমন বিশেষ ট্রাইবুন্যালে মামলাটি দায়ের করেন দুদক পটুয়াখালী সমন্বিত কার্যালয়ে সহকারী পরিচালক রাসেল রনি।
মামলা নম্বর দুদক সজেকা পটুয়াখালী (বরগুনা), তদন্ত নং-০১, ৩০-০৫-২০২৪ খ্রি,দুদক জিআর নং ১/২০২৪
মামলার বিবরণে অভিযোগ করা হয়, প্রাক্তন নাজির বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের বর্তমান ট্রেজারী শাখার ট্রেজারার মোহাম্মদ আল মাসুদ করিম দুই কোটিরও বেশি টাকা জ্ঞাত আয় বহির্ভূতভাবে অগ্রহণযোগ্যভাবে আয় করেছেন যা দুদকের তদন্তে দেখা গেছে। অপরদিকে তার স্ত্রী খাদিজা আক্তারের নামে ২২ লাখ ৭ হাজার ১শত ৫৫ টাকার সম্পদের খোঁজ পাওয়া যায়। তিনি এবং তার স্ত্রীর নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদগুলো অবৈধ ও অগ্রহণযোগ্যভাবে উপার্জন করেছেন এবং তার স্ত্রী খাদিজা আক্তার তাকে অবৈধ সম্পদ অর্জনে সহযোগিতা করেছেন। তাছাড়াও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি , সহকারী পরিচালক (ইঞ্জিঃ) এর কার্যালয় বরগুনা সার্কেল থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের বর্তমান ট্রেজারী শাখার ট্রেজারার প্রাক্তন নাজির মোহাম্মদ আল মাসুদ করিমের স্ত্রী খাদিজা আক্তারের নামে দুটি যানবাহনের রেজিস্ট্রেশনের তথ্য পায় দুদক। এর মধ্যে বরগুনা -হ-১১-৭০৭২ নম্বর গাড়ীর তথ্য সম্পদ বিবরণীতে উল্লেখ করা নেই। যাচাইকালে গাড়িটির মূল্য জানতে পারেনি দুদক। তদন্তকালে এ সম্পর্কে আরো খতিয়ে দেখা হবে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়াও দুদকের নোটিশের জবাবে তিনি ৪১ লাখ ৬৭ হাজার ৮শত ৩২ টাকার সম্পদের তথ্য গোপনপূর্বক মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রমানিত হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত সাবেক নাজির মোহাম্মদ আল মাসুদ করিমের সাথে একাধিক বার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।