শনিবার, অক্টোবর ৩, ২০২৬

নাচোলে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • জাকির হোসেন পিংকু
  • ২০২৪-০৪-১৫ ০০:৫২:৩৫
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা থেকে মোজাহিদুল ইসলাম(২১) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ এপ্রিল) সকাল ১০টার দিকে খবর পাবার পর পুলিশ নাচোল সদর ইউনিয়নের হামিদপুর গ্রামে নিজ বাড়ির নিজ শয়নকক্ষ থেকে সিলিং ফ্যানের সাথে গলায় জানালার পর্দার কাপড়ের ফাঁস দেয়া মরদেহ উদ্ধার করে। মোজাহিদ ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ও কুষ্টিয়ার একটি পলিটেকনিক ইনিষ্টিটিউটের শিক্ষার্থী ছিল। পুলিশের প্রাথমিক ধারণা মোজাহিদ আত্মহত্যা করেছেন। নাচোল থানার অফিসার ইনচার্জ(ওসি) তারেকুর রহমান সরকার বলেন, রোববার সকালে পরিবারের সদস্যরা ঘটনাটি টের পেয়ে পুলিশে সংবাদ দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোববার ভোরের দিকে মোজাহিদ গলায় ফাঁস দেয়। মোজাহিদের আত্মহত্যার কারণ খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিকভাবে পারিবারিক সমস্যার কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। ওসি আরও বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তাঁর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এ জাতীয় আরো খবর