মেক্সিকোর আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন করায় ইকুয়েডরের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করেছে মেক্সিকো। ইকুয়েডরের রাজধানী কুইটোতে মেক্সিকান দূতাবাস থেকে দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট হোর্হে গ্লাসকে পুলিশ গ্রেপ্তার করায় এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। গত ডিসেম্বর থেকে দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত হয়ে মেক্সিকান দূতাবাসে আশ্রয়ে নিয়েছিলেন হোর্হে গ্লাস।
গ্লাসকে নিরাপদে দেশের বাইরে পাঠানোর আহ্বান জানিয়ে মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছিল মেক্সিকো। কিন্তু দূতাবাসে প্রবেশ করে গ্লাসকে গ্রেপ্তার করেছে ইকয়েডরের বিশেষ বাহিনী।
এদিকে, মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানয়েল লোপেজ ওর্বাডর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেন, আমাদের দূতাবাস থেকে গ্লাসকে গ্রেপ্তার করা একটি স্বৈরাচারী কাজ। এটি মেক্সিকোর আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন করেছে।
ডিসেম্বর থেকে মেক্সিকান দূতাবাসে আছেন গ্লাস। দুইবার দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। গ্লাস দাবি করে বলেন, তাকে নির্যাতন করছেন ইকয়েডরের কর্মকর্তারা।