বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

সোনামসজিদ সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী আহত

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৩-২৮ ১৮:৫৯:৫৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সোনামসজিদ সীমান্তে বিএসএফ’র গুলিতে মো. আলিউল (২৩) নামে এক যুবক আহত হয়েছে। সে শাহাবাজপুরের  ১ নং ওয়ার্ডের বালিয়াদিঘী এলাকার মো. মনিরুল ইসলাম মনির ছেলে। আহত অবস্থায় বাংলাদেশে পালিয়ে আসার পর গোপনে তাকে প্রথমে তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে  ও পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। এ ঘটনার প্রতিবাদ করেছে বিজিবি। বিএসএফকে চিঠি দেয়া হয়েছে। সীমান্তে পতাকা বৈঠকও হয়েছে। বিজিবি,পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,বৃহস্পতিবার(২৮ মার্চ) ভোররাত ৩টার দিকে সীমান্তের দেড়শত থেকে দুইশত গজ ভারতের অভ্যন্তরে সীমান্তের কাঁটাতারের বেড়ার নিকট আলিউল গুলিবিদ্ধ হয়। সে চোরকারবারী দলের সদস্য বলে অভিযোগ রয়েছে। ভারতে চোরাচালানের জন্য ঢোকার মূখে সে গুলিবিদ্ধ হয়।
৫৯’বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল গোলাম কিবরিয়া বলেন, সোনামসজি সীমান্ত ফাঁড়ির আওতাধীন সীমান্তের বিপরীতে  ভারতের ভেতরে মালদহ জেলার ৭০’বিএসএফ ব্যাটালিয়ন সদস্যরা এক বাংলাদেশীকে গুলি করে। এরপর গুলিবিদ্ধসহ অন্য বাংলাদেশীরা পালিয়ে আসে। গুলিবিদ্ধ ব্যাক্তি  চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় বিএসএফকে প্রতিবাদপত্র দেয়া হয়েছে। এছাড়া সকাল ১০টার দিকে সোনামসজিদ সীমান্তে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকও হয়েছে।
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) সাইফুল ইসলাম বলেন,গত বুধবার দিবাগত গভীর রাতে ঘটনার পর বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঘটনার খবর পাওয়া যায়। স্থানীয় সূত্রে জানা যায়,চোরাচালান মালামাল আনতে গিয়ে আওয়াল গুলিবিদ্ধ হয়। সে গোপনে চিকিৎসা নিচ্ছে। তবে এ ব্যাপারে কেউ পুলিশে অভিযোগ করে নি। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান নিজামুল হক রানা ও সদস্য হুমায়ুন কবীর বলেন,পরিবারটি গোপনে চিকিৎসা নিচ্ছে। আলিউল হাতের পাশে বুকে গুলিবিদ্ধ হন বলে শোনা গেছে।  
 

 


এ জাতীয় আরো খবর