সোমবার, জুলাই ২৭, ২০২৬

৩ ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের দ্বিতীয় খেলায় স্বাগতিক বাংলাদেশকে হারিয়ে সিরিজে সমতা এনেছে শ্রীলঙ্

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৩-১৬ ০৯:৩১:৫০

৩ ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের দ্বিতীয় খেলায় স্বাগতিক বাংলাদেশকে হারিয়ে সিরিজে সমতা এনেছে শ্রীলঙ্কা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্বাগতিকদের ৩ উইকেটে হারিয়েছে সফরকারিরা। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৮৬ রান তোলে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ২ ওভার ৫ বল হাতে রেখে ৭ উইকেটে ২৮৭ রান করে জয় তুলে নেয় শ্রীলঙ্কা। ম্যাচ সেরা হয়েছেন শ্রীলঙ্কার পাথুম নিসাঙ্কা। 
ম্যাচ জিতলেই আগাম সিরিজ জয়, এমন সমীকরণ নিয়েই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় খেলায় শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। তবে, সেই আশা পূরণ হয়নি, দ্বিতীয় খেলায় সফরকারীদের কাছে হেরে গেছে টাইগাররা।
শুক্রবার টস হেরে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস। আগে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। ব্যক্তিগত শূন্য রানেই মাধুশাঙ্কার বলে আউট হয়ে বিদায় নেন ওপেনার লিটন দাস। তবে, বাংলাদেশের রানের চাকা সচল রাখেন আরেক ওপেনার সৌম্য সরকার। দলীয় ১৩০ রানে ব্যক্তিগত ৬৮ রানে সৌম্যকে সাজঘরে ফিরায় হাসারাঙ্গা। এরপর, ১৮৯ রানের মধ্যে স্বাগতিকরা আরো ৪ উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে। শেষ পর্যন্ত তাওহিদ হৃদয়ের সর্বোচ্চ ৯৬ রানের অপরাজীত ইনিংসে ভর করে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৬ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৪টি উইকেট নেন লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কারও। দলের ১ রানে আভিশকা ফারনান্দোর উইকেট তুলে নেন শরিফুল ইসলাম। তবে, দৃঢ়তার সাথে ব্যাট করে সফরকারিদের জয়ের আশা দেখায় ওপেনার পাথুম নিসাঙ্কা। শেষ পর্যন্ত ১১৩ বলে নিসাঙ্কার সর্বোচ্চ ১১৪ রানের ইনিংসে ভর করে বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটের সহজ জয় তুলে নিয়ে সিরিজে ১-১ সমতা আনে শ্রীলঙ্কা। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৯১ রানের দারুন এক ইনিংস খেলেন চারিথ আসালঙ্কা। 
আগামী সোমবার একই মাঠে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ এবং শ্রীলঙ্কা।


এ জাতীয় আরো খবর