মঙ্গলবার শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদ-এনইসি’র সভায় চলতি অর্থবছরে এডিপি’র আকার ১৮ হাজার কোটি টাকা কমিয়ে ২ লাখ ৪৫ হাজার কোটি টাকা নির্ধারণ করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ। পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম জানান, অগ্রাধিকার বিবেচনায় প্রকল্পে অর্থের যোগান নিশ্চিত করা আর সময়মত প্রকল্প বাস্তবায়নে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
দেশের উন্নয়ন কর্মকাণ্ড অনেকটাই নির্ভর করে এডিপির ঠিকঠাক বাস্তবায়নের ওপর। যে কারণে এই খাতে সরকারের গুরুত্ব থাকে বেশি। তাছাড়া বেশিরভাগ সময়ই বাস্তবায়ন করা যায় না এডিপির পুরোটা। গেল ১০ বছরের মতো, চলতি অর্থবছরেও কাটছাঁট হলো এডিপির আকার, টাকার অংকে ১৮ হাজার কোটি টাকা কমলো মূল এডিপি থেকে। ফলে নতুন আকার হলো ২ লাখ ৪৫ হাজার কোটি টাকা। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদ-এনইসির সভায় সংশোধিত এডিপি অনুমোদন দেয়া হয়।
সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল আব্দুস সালাম। তিনি বলেন, চলতি অর্থ বছরের প্রথম ৭ মাসে বাস্তবায়নও গত ৫ বছরের মধ্যে সবচেয়ে কম। তবে সংশোধিত এডিপিতে নতুন করে যোগ হচ্ছে অন্তত শ’খানেক নতুন প্রকল্প। শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ কমানোর কারণ হিসেবে মন্ত্রী দুষলেন কর্মকর্তাদের অদক্ষতাকে। জানান, দক্ষতা বাড়াতে নেয়া হচ্ছে নতুন উদ্যোগ। বৈঠকে চলতি অর্থবছরে নির্ধারিত ৩৩০টি প্রকল্প যথা সময়েই শেষ করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।