চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে র্যাবের অভিযানে সোয়া ২৩ লিটার দেশি মদসহ দুই ব্যাক্তি গ্রেপ্তার হয়েছে। র্যাব জানায়,গত বৃহস্পতিবার (৭মার্চ) রাত সোয়া ৯টার দিকে অভিযান চালানো হয়। গ্রেপ্তাররা হল- ওই গ্রামের শ্রী গাইনার ছেলে শ্রী জুয়েল(২৪) ও একই গ্রামের মৃত শাহজাহানের ছেলে রুহুল আমীন (৩২)।
শুক্রবার (৮ মার্চ) সকাল পৌনে ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তাররা সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ দেশি মদ সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী,মাদক সেবী ও এলাকার যুবকদের মাঝে পাইকারি ও খুচরা দরে বিক্রি করত। তারা নিজেদের বসতবাড়িতে অবৈধ মাদক মজুত করে রেখেছে মর্মে গোয়েন্দা তথ্যে পরিকল্পিত অভিযান চালিয়ে ওই দু’জনের হেফাজতে থাকা সোয়া ২৩ লিটার দেশি মদসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা হয়েছে।