সেদিন শীতে জেগেছিল মত্তমাদক
সেদিন শীতে চিবুক ছুঁয়েছিল রোদ,
তবুও তোমার নিরুত্তাপ আবেগে
শিশিরকণায় ছড়িয়ে ছিল ক্রোধ।
শুকনো বাতাস জানালার পাশে এসে
জানিয়েছিল বসন্তের বোঝাপড়া,
তবুও তোমার দিকভ্রান্ত চোখে
দেখেছি লোভের গোপন নড়াচড়া।
এবার শীতের সংহারি সংলাপে
বুঝে নিও তুমি হৃদয়ের সন্তাপ,
আমার পৃথিবী দিগন্তে দিলে ডুব
তোমারে পোড়াবে তোমারই মনস্তাপ।
আগামী শীতে দেখা হবে না জানি
দেখা হবে না কোনোদিন কোনোকালে,
তবুও শীতের উষ্ণতা মেখে মেখে
খুঁজে নিও মোরে দিকচক্রবালে।