ঢাকায় রেস্তোরাঁয় অভিযান শুরু করেছে পুলিশ
- সকালের আলো প্রতিবেদক
-
২০২৪-০৩-০৪ ০৭:৪৯:৪৫
- Print
রোববার ঢাকায় রেস্তোরাঁয় অভিযান শুরু করেছে পুলিশ। ধানমন্ডি ও বসুন্ধরা এলাকাতে (ভাটারা) ১৬টি রেস্তোরাঁয় অনিয়ম ও অবব্যবস্থপনার অভিযোগে ৩৫ জনকে আটক করেছে পুলিশ।
ঢাকা মহানগর অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) ড. খন্দকার মহিদ উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, রাজধানীতে বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান চালানো হচ্ছে। প্রতিষ্ঠানের অনুমোদন আছে কিনা, নিরাপদ স্থানে গ্যাস সিলিন্ডার ব্যবহার করছে কিনা, নিরাপত্তা ব্যবস্থা কতটুকু, অগ্নি নির্বাপন যন্ত্র এবং ঝুঁকির বিষয়টি দেখা হয়।
তিনি বলেন, রোববার রাত ১০টা পর্যন্ত আটক করা হয়েছে বিভিন্ন রেস্তোরাঁর ৩৫ কর্মীকে। তাদের মধ্যে কয়েকটি রেস্তোরাঁর ব্যবস্থাপকও রয়েছেন। এছাড়া যেসব রেস্তোরাঁয় ছোটখাট অনিয়ম পাওয়া গেছে তাদের মুচলেকা রেখে সতর্ক করা হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বেইলী রোডে বহুতল ভবনে অগ্নিকান্ডে মারা গেছে ৪৬ জন। তাদের মধ্যে ৪৪ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে পরিবারের কাছে। দুইজনের মরদেহ ঢাকা মেডিকেলে রয়েছে। শনিবার তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।
এদিকে পোড়া ভবনে আগুনের আগুন লাগার কারণ খতিয়ে দেখতে বিভিন্ন সংস্থা কাজ করছে।