শনিবার, মে ৩০, ২০২৬

উদ্বোধনের অপেক্ষায় আছে মিরসরাই মডেল মসজিদ

  • নিউজ ডেস্ক:
  • ২০২১-০৬-০৯ ১৪:৩৩:০৪

নিউজ ডেস্ক: চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ১৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনের অপেক্ষায়। ইতোমধ্যে মসজিদের নির্মাণের সব ধরনের কাজ প্রায় শেষ হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুর রহমান।

নির্মাণ কাজের ঠিকাদার ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, মিরসরাই উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র বি-ক্যাটাগরি হিসেবে ৪০ শতাংশ জমির ওপর নির্মিত হচ্ছে। তিন তলা বিশিষ্ট মডেল মসজিদ (টাইপ-বি) যেখানে প্রতি ফ্লোরের আয়তন ১ হাজার ৬৮০ দশমিক ১৪ বর্গমিটার। ভবনের মোট আয়তন ২৯,৬০০ বর্গফুট। বাস্তবায়নে ব্যয় ১৩ কোটি ৪১ লাখ ৮০ হাজার টাকা।

সারাদেশে নির্মাণাধীন মডেল মসজিদের ভৌত অবকাঠামো গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। বাস্তবায়নকারী সংস্থা ইসলামিক ফাউন্ডেশন। মিরসরাই উপজেলা মডেল মসজিদে একসঙ্গে ৯শ’ মানুষ নামাজ আদায় করতে পারবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুর রহমান জানান, মিরসরাইসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় নির্মিত ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হবে বৃহস্পতিবার (১০ জুন)। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর বছরে (মুজিববর্ষ) এ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রগুলো ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

আধুনিক সুবিধা সম্বলিত সুবিশাল মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কমপ্লেক্সে নারী পুরুষের অজু এবং নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে। এছাড়াও থাকছে কোরআন হেফজ বিভাগ, শিশুশিক্ষা, অতিথিশালা, লাইব্রেরি, গবেষণা কেন্দ্র, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, বিদেশি পর্যটকদের আবাসন, মরদেহ গোসলের ব্যবস্থা, হজ্ব যাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ, ইমামদের প্রশিক্ষণ, গণশিক্ষা কেন্দ্র, ইসলামী সংস্কৃতি কেন্দ্র।

গৃহায়ণ ও গণপূর্ত বিভাগ চট্টগ্রাম-৩ এর নির্বাহী প্রকোশলী মো. মইনুল ইসলাম জানান, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ৫০টি মডেল মসজিদ উদ্বোধনের করবেন বলে সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে মিরসরাই মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন হবে। এর মধ্যে মিরসরাই মডেল মসজিদের কাজ প্রায় শেষ হয়েছে। এখন শুধু রং আর সামান্য মার্বেল পাথরের কাজ বাকি রয়েছে। খুব শিগগির দৃষ্টিনন্দন মডেল মসজিদটি মুসল্লিদের নামাযের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

স্থানীয় পৌরবাসিন্দারা জানায়, আমরা অনেকদিন দেখছি এখানে মডেল মসজিদের কাজ চলছে। পুরো উপজেলায় এটি সর্ব প্রথম সব সুযোগ সুবিধা সমৃদ্ধ দৃষ্টিনন্দন মসজিদ। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি এই মসজিদে নামাজ আদায় করার জন্য।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ চলছে। বৃহস্পতিবার (১০ জুন) প্রাথমিকভাবে ৫০টির উদ্বোধন হবে।


এ জাতীয় আরো খবর