মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

রা ব বা নী স র কা র

  • ভালোবাসার চাষবাস
  • ২০২৪-০২-১৪ ১১:০৮:৪৮

দেশে ফুলের চাষ বেড়েছে বেশ 
ভালোবাসার চাষও বেড়েছে মানবজমিনে 
            অতিবৃষ্টি-অনাবৃষ্টি কিংবা খরায়
রুগ্ন বীজ স্খলিত বীর্য হাজার মৃত্যুজরায়।
সিনেম্যাটিক প্রেম বেড়েছে ---
অধিকহারে ধর্ষক ও খলনায়ক ভিড়েছে
                     নন্দিত শৈল্পিক সত্তায়।

নায়কের পরাজয় দেখতেই আমরা অভ্যস্ত 
            খুব সস্তা দর্শনে প্রশমিত যন্ত্রণা, 
বাস্তবতার মেরুকরণ এখন সমাজবিধিতে ,
রাজনীতির সাথে ভালোবাসার দ্রবণ ,
ফুল পায়ে পিষে মাদক ছড়িয়ে দিই বস্তিতে।

কামুক ভালোবাসার অ্যাসিডে ঝলসে যায় 
                    স্বপ্ন দেখা তরুণীর মুখাবয়ব,
গলিত রক্তপুঁজ মাখা কৃষ্ণচূড়ার রঙে
                    তবুও উন্মুখ বসন্ত অভিসার,
পকেটশূন্য বেকার যুবকের হাতের গোলাপ
                             খসে পড়ে নিমেষেই ---
পাই নাকো খুঁজে আর কী অর্থ এই
শাড়ি পালটানোর মতো কিম্ভূত ভালোবাসার।


এ জাতীয় আরো খবর