চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে চাঞ্চল্যকর হত্যা,বিস্ফোরক, সহিংসতাসহ আদালতে বিচারাধীন একাধিক মামলার দীর্ঘদিন যাবৎ পলাতক দুই আসামী গ্রেপ্তার হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার (১৩ ফেব্রæয়ারী) ভোর ৫টার দিকে ফকিরপাড়া নিমতলা এলাকায় অবস্থিত পৌরসভার সুউচ্চ পানির ট্যাংকের সানসেটে লুকিয়ে থাকা অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এড়াতে দুর্ধর্ষ সন্ত্রাসী ও কূখ্যাত কিশোর গ্যাং লিডার ওই দু’জন দীর্ঘদিন ওই উঁচু স্থানে লুকিয়ে ছিল বলেও জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তাররা হল-ওই এলাকার মৃত শহীদুল ইসলাম শহীদের ছেলে রাব্বি হোসেন (২২) ও শহরের চুনারীপাড়া মহল্লার রুপলাল আলীর ছেলে ইয়াসিন আলী ওরফে ইদু (২০)।
বিকেল সাড়ে ৪টার দিকে জেলা পুলিশের পাঠানো প্রেস বিজ্ঞপিতে অভিযান সম্পর্কে বিস্তারিত জানানো হয়। অভিযোনে নেতৃত্ব দেয়া ডিবি পুলিশ উপ-পরিদর্শক (এসআই) আসগর আলী বলেন, ওই দু’জন পানির ট্যাংকের সিঁড়ির ছাদে রাতে থাকত। গ্রেপ্তারদের সরকারি মহিলা কলেজে সংগঠিত একটি মারামারি মামলায় গ্রেপ্তার দেখিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা আসগর।