সোমবার, মে ২৫, ২০২৬

দেশের সর্ববৃহৎ জুমার নামাজে অংশ নিতে মুসল্লিরা ছুটে আসেন ইজতেমার ময়দানে

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০২-০২ ২৩:৪৮:১১

মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীর তুরাগ তীরে আমবয়ানের মধ্য দিয়ে শুরু হলো । আমবয়ানে আলোচনা হয় ঈমান ও আমল সম্পর্কিত নানা বিষয়ে। দেশের সর্ববৃহৎ জুমার নামাজে অংশ নিতে ভোর থেকেই বিভিন্ন এলাকার মুসল্লিরা ইজতেমার ময়দানে ছুটে আসেন। ময়দান ছাড়াও আশপাশের রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এদিন জুমার খুতবায় বাংলাদেশসহ সারাবিশ্বে আল্লাহর রহমত ও কল্যাণ কামনা করা হয়। 
রাতের বৃষ্টি, সকালের কুয়াশা ও শীত উপেক্ষা করে মুসলিমদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমায় যোগ দিয়েছেন মুসল্লিরা। দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে তারা জড়ো হয়েছেন টঙ্গীর তুরাগ তীরে। 
শুক্রবার ফজরের নামাজের পর পাকিস্তানের মাওলানা আহমদ বাটলারের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় প্রথম পর্বের ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম। 
প্রথমদিন শুক্রবার হওয়ায় দেশের সর্ববৃহৎ জুমার নামাজে অংশ নিতে ভোর থেকেই বিভিন্ন এলাকার মুসল্লিরা ছুটে আসেন ইজতেমার ময়দানে। যানবাহন সংকট থাকায় অনেকে পায়ে হেঁটেও আসেন। 
ইজতেমার ময়দানে জায়গা না পেয়ে হাজার হাজার মানুষ ফুটপাত, খালি জায়গা ও রাস্তার পাশেই দলে দলে অবস্থান নেন। সেখানে বসেই তারা শীর্ষস্থানীয় মুরুব্বিদের বয়ান শোনেন। 
রাজধানীর কাকরাইল মসজিদের ইমাম মাওলানা জোবায়েরের ইমামতিতে বৃহত্তম এই জুমার নামাজ অনুষ্ঠিত হয়। মূল ময়দান ছাড়াও আশপাশের সড়ক, বাড়ির ছাদ, নৌকা ও গাড়ির ছাদে নামাজ আদায় করেন অনেকে। খুতবায় ফিলিস্তিনসহ বিশ্বের মুসলমানদের ওপর নির্যাতন বন্ধ এবং দেশের মানুষ ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়। 
জুমার নামাজে অধিক মুসল্লির উপস্থিতির কথা মাথায় রেখে ইজতেমা এলাকায় নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 
তুরাগ তীরে টানা তিন দিন আখলাক, ঈমান ও আমলের ওপর তাবলীগ জামায়াতের শীর্ষস্থানীয় মুরুব্বিদের বয়ান শুনে রোববার আখেরি মোনাজাতে অংশ নেবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে।


এ জাতীয় আরো খবর