সোমবার, মে ২৫, ২০২৬

নানা বাধা পেরিয়ে সরকার দেশকে এগিয়ে নিচ্ছে-প্রধানমন্ত্রী

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০২-০২ ০০:০৮:১৩

নানা বাধা পেরিয়ে সরকার দেশকে এগিয়ে নিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।যুগের সাথে তাল মিলিয়ে কাগজের প্রকাশনার পাশাপাশি ডিজিটাল পদ্ধতিতে বই প্রকাশ করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী। মাসব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ আহবান জানান তিনি। অনুবাদের মাধ্যমে বিশ্বব্যাপী বাংলা সাহিত্য ছড়িয়ে দিতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পড়ো বই, গড়ো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ- এই প্রতিপাদ্য নিয়ে এ বছর শুরু হলো মাসব্যাপী অমর একুশে বইমেলা। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানজুড়ে এই বইমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
এটি বইমেলার ৪০তম আয়োজন। আর প্রধান অতিথি হিসেবে ২১তম বার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন শেখ হাসিনা। অনুষ্ঠানে সাহিত্যের বিভিন্ন শাখায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্তদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী। 
একই সাথে গত বিশ বছরে বাংলা একাডেমীতে দেয়া নিজের বক্তব্য সম্বলিত একটি বইসহ বাংলা একাডেমি থেকে প্রকাশিত বিভিন্ন বইয়ের মোড়ক উন্মোচন করেন তিনি।
উদ্বোধনী বক্তব্যে শেখ হাসিনা বলেন, সাহিত্য সংস্কৃতিতে সমৃদ্ধ বাংলা ভাষাকে বিশ্বময় ছড়িয়ে দিতে হবে। বাংলা ভাষায় প্রকাশিত বই অনুবাদ করার ওপর জোর দেন প্রধানমন্ত্রী।
বর্তমান সময়ে মানুষ ডিজিটাল পদ্ধতিতে সাহিত্যচর্চা করেন জানিয়ে তিনি বলেন, প্রকাশকদের যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে।
পরে বাংলা একাডেমি চত্বরে বইমেলার কয়েকটি স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
১লা ফেব্রুয়ারি থেকে ২৯শে ফেব্রুয়ারি পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে। ছুটির দিন বইমেলা চলবে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। আর ২১শে ফেব্রুয়ারি মেলা শুরু হবে সকাল ৮টায়, চলবে রাত ৯টা পর্যন্ত। প্রতি শুক্র ও শনিবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত ‘শিশুপ্রহর’ থাকবে মেলায়। 

 


এ জাতীয় আরো খবর