শুক্রবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠার লড়াইটা হাড্ডাহাড্ডি হল নোভাক জকোভিচ ও ইয়ানিক সিনারের। সেমিফাইনালে জকোভিচ পারলেন না ২২ বছর বয়সী সিনারের বিপক্ষে। ইতালির এই টেনিস তারকা হারিয়ে দিলেন বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় জকোভিচকে।
রড লেভার এরেনায় ৩ ঘণ্টা ২২ মিনিটের লড়াইয়ে ইয়ানিক সিনারের কাছে ৩-১ সেটে হেরে আসর থেকে বিদায় নিয়েছেন র্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান তারকা। এতে প্রথমবারের মত অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন সিনার।
সিনারের বিপক্ষে প্রথম দুই সেটেই ৬–১ ও ৬–২ গেমে পিছিয়ে পড়েন সার্বিয়ান তারকা। তৃতীয় সেট জিতলেন টাইব্রেকারে ৭–৬ (৮-৬) গেমে। কিন্তু চতুর্থ সেটে ৬–৪ ব্যবধানে হেরে শেষ হলো স্বপ্ন।
অন্যদিকে জকোভিচের সামনে সুযোগ ছিল অস্ট্রেলিয়ান ওপেনের রেকর্ড ১১তম শিরোপা জেতার। সেই সঙ্গে রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জিতে সর্বকালের সেরা তারকার তকমা নিজের করে নেওয়ার। তবে শেষ মুহূর্তে এসেও পারলেন না সার্বিয়ান এই তারকা।