বুধবার, জুলাই ২৯, ২০২৬

২০২৩ সালে আইসিসির বর্ষসেরা কামিন্স, টেস্টে খাজা ও ওয়ানডেতে কোহলি

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০১-২৫ ২৩:৫২:৫৮

অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ২০২৩ সালে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। বর্ষসেরা খেলোয়াড় হয়ে তিনি স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি জিতলেন। এছাড়া টেস্টে অস্ট্রেলিয়ার উসমান খাজা ও ওয়ানডেতে বর্ষসেরা নির্বাচিত হয়েছেন ভারতের বিরাট কোহলি।
বর্ষসেরা খেলোয়াড় হবার পথে স্বদেশি ট্রাভিস হেড এবং ভারতের বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজাকে পেছনে ফেলেছেন কামিন্স। গেল বছরটি স্বপ্নের মত কেটেছে কামিন্সের। শুধুমাত্র বল হাতেই ছন্দে ছিলেন না, অধিনায়ক হিসেবে আইসিসির দু’টি মেগা ইভেন্টের শিরোপা জিতেছেন তিনি। কামিন্সের নেতৃত্বে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ও রেকর্ড ষষ্ঠবারের মত ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতে অস্ট্রেলিয়া। 
এদিকে, সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের সেরা ১৯৫ রানের অনবদ্য ইনিংস খেলেন উসমান খাজা। ভারত সফরে চার ম্যাচের টেস্ট সিরিজে ১টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরিতে সর্বোচ্চ ৩৩৩ রান করেছিলেন তিনি। 
অন্যদিকে, ওয়ানডেতে দারুণ একটি বছর পার করায় বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড় হয়েছেন কোহলি। দুই স্বদেশি শুভমান গিল ও মোহাম্মদ শামি এবং নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলকে টপকে সেরার মুকুট পরেছেন কোহলি। ২৭ ওয়ানডেতে ৬টি সেঞ্চুরি ও ৮টি হাফ-সেঞ্চুরিতে ১৩৭৭ রান করেন এই ব্যাটসম্যান। 
আর, নারী বিভাগে টানা দ্বিতীয়বার বর্ষসেরা হয়েছেন ইংল্যান্ডের ন্যাট সিভার-ব্রুন্ট। ওয়ানডের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন শ্রীলংকার চামারি আতাপাত্তু। 


এ জাতীয় আরো খবর